তানভীর হত্যার পর আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাশিত ভূমিকা রাখেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেনি। প্রশাসন ও পুলিশের ওপর চাপ সৃষ্টি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে মানবাধিকার আইনজীবী পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং তানভীর হত্যাসহ সব হত্যাকাণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাবিষয়ক এক মতবিনিময় সভায় সুলতানা কামাল এসব কথা বলেন।জেলা মানবাধিকার আইনজীবী পরিষদের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা সিপিবির সাবেক সভাপতি দুলাল সাহা, উদীচীর জেলা সাধারণ সম্পাদক পিন্টু সাহা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস প্রমুখ।পরে সুলতানা কামাল ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ তানভীরের বাড়িতে যান। তাঁরা তানভীরের বাবা রফিউর রাব্বিসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। সুলতানা কামাল এ সময় বলেন, ‘তানভীরকে শারীরিকভাবে হয়তো আমরা হারিয়েছি। কিন্তু তার মৃত্যু সারা দেশের মানুষের মনে যে বেদনা, ক্ষোভ ও ঘৃণার জন্ম দিয়েছে, তা হত্যাকারীদের দূরভিসন্ধিকে পরাভূত করবেই।’সুলতানা কামাল আরও বলেছেন, বিশেষ অবস্থা ও পরিস্থিতির সুযোগ নিয়ে যারা নিজেদের ব্যক্তিগত, পারিবারিক বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করতে চায়, তারা তা করেই যাবে। দুঃখজনক হলেও সত্য যে দীর্ঘদিন আইনের ঊর্ধ্বে রেখে তাদের হাত বড় করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের পক্ষে রফিউর রাব্বির নানা ধরনের ভূমিকার কারণে যারা তাঁর অঘোষিত শত্রু, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে তারা এই সুযোগটি নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।প্রেসক্লাবে মতবিনিময় সভায় তানভীর হত্যার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র থেকে গণতদন্ত কমিশন গঠনের দাবি উঠলে সে বিষয়ে সুলতানা কামাল বলেন, গণতদন্ত কমিশন গঠন করতে হলে সংগঠনে আলোচনার পর সিদ্ধান্ত নিতে হবে।মতবিনিময় সভায় বক্তারা বলেন, মেধাবী ছাত্র তানভীর, নাট্যকার চঞ্চল, ব্যবসায়ী আশিকসহ নারায়ণগঞ্জে একের পর এক হত্যাকাণ্ড সবাইকে ভাবিয়ে তুলেছে। তানভীর নিখোঁজ হওয়ার পর র‌্যাব ও পুলিশকে জানালেও তারা কোনো উদ্যোগ নেয়নি। হত্যার আট দিনেও র‌্যাব ও পুলিশ আন্তরিকভাবে মাঠে নামেনি। কাউকে গ্রেপ্তার করতে পারেনি।এদিকে তানভীর হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল সমাবেশ করেছে। দুপুরে শহরের চাষাঢ়া শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই সমাবেশ হয়।গত ৬ মার্চ নিখোঁজ হওয়ার দুই দিন পর শীতলক্ষ্যা নদীসংলগ্ন খাল থেকে তানভীরের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার প্রতিবাদে গত শনিবার হরতাল পালন করার পাশাপাশি ১১ মার্চ থেকে ১৫ মার্চ পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এক গণজমায়েত অনুষ্ঠিত হবে।