তানভীর হাসানের খোঁজ মেলেনি, আসকের উদ্বেগ
আইন ও সালিশ কেন্দ্র (আসক) তানভীর হাসান জোহার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার সংগঠনটি এ দাবি জানায়।
ইনসাইট বিডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান তানভীর হাসান ১৬ মার্চ দিবাগত রাত থেকে নিখোঁজ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার পর তিনি বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিচ্ছিলেন।
গতকাল রাত সোয়া ১১টা পর্যন্ত তানভীর হাসানের কোনো হদিস মেলেনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল ভোর থেকে তানভীরের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ আছে।
আসক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তানভীর হাসানকে অপহরণ করায় সংগঠনটি গভীরভাবে উদ্বিগ্ন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিখোঁজ বা অপহৃত ব্যক্তির পরিবার-পরিজনকে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে কাটাতে হচ্ছে। নিখোঁজ বা অপহৃত হওয়া যে কোনো ব্যক্তিকে খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের। এ ব্যাপারে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ চেষ্টা চালানো দরকার।
এদিকে জাতীয় মুক্তি কাউন্সিল গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, তানভীর হাসান সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে রাষ্ট্রের বিভিন্ন সংস্থার হয়ে কাজ করে আসছিলেন।
বিবৃতিতে মুক্তি কাউন্সিল বলেছে, তারা মনে করছে তানভীর হাসান জোহা গুম হয়েছেন।