সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় আটক তানভীর রহমানের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এবং জামিন চেয়ে রিট করা হয়েছে। তানভীর রহমানকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে দাবি করে জাতীয় মানবাধিকার কমিশন রিট আবেদনটি করে।
আজ রোববার সংক্ষিপ্ত শুনানির পর বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনের শুনানি সাত দিনের জন্য মুলতবি রেখেছেন। একই সঙ্গে আদালত আবেদনটি হাইকোর্টের ফৌজদারি বেঞ্চে নিয়ে যেতে বলেছেন বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনের সদস্য ও আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।
আদালত থেকে বেরিয়ে ফাওজিয়া করিম ফিরোজ প্রথম আলোকে বলেন ‘শাস্তি আমরা সবাই চাই। কিন্তু তদন্তের নামে বিনা বিচারে নির্দোষ কাউকে আটক রাখা হোক—এটা চাই না।’
তানভীর রহমানকে বেআইনিভাবে আটক রাখা হয়নি—এ বিষয়ে সন্তুষ্টির জন্য কেন তাঁকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হবে না—এ মর্মে রুল আবেদনে জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ওই মামলায় সম্পৃক্ত হিসেবে তাঁকে বেআইনিভাবে আটক রাখা হয়নি, সে বিষয়ে সন্তুষ্টির জন্য সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেওয়া হয়েছে।
বিচারাধীন রাখা অবস্থায় তানভীর রহমানের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন রয়েছে রিটে। রিট আবেদনে স্বরাষ্ট্রসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, র্যাবের মহাপরিচালকসহ আটজনকে বিবাদী করা হয়েছে।
আইনজীবীরা জানান, ২০১২ সালের ১ অক্টোবর তানভীর রহমানকে আটক করা হয়। তিনি নিহত দম্পতির বন্ধু ছিলেন। ওই বছরের ১০ অক্টোবর থেকে তিনি কারা হেফাজতে আছেন। বর্তমানে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আছেন। প্রায় ২১ মাসের বেশি সময় ধরে তাঁকে আটক রাখা হয়েছে। আটকের পর ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তাঁকে রিমান্ডে নেওয়া হয়।