সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় গ্রেপ্তার তানভীর রহমানের জামিন চেয়ে গতকাল রোববার আবারও আবেদন করা হয়েছে।
বিষয়টি জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও তানভীরের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ প্রথম আলোকে বলেন, বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চে আবেদনটি দাখিল করা হয়েছে। এখন শুনানির জন্য আসবে।
২ সেপ্টেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে জামিন আবেদনটি দাখিল করা হয়। ওই দিন বেঞ্চের এক বিচারপতির ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে বেঞ্চ আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেন।
আইনজীবীরা জানান, ২০১২ সালের ১ অক্টোবর তানভীর রহমানকে আটক করা হয়। তিনি নিহত দম্পতির বন্ধু ছিলেন। ওই বছরের ১০ অক্টোবর থেকে তিনি কারা হেফাজতে আছেন। গ্রেপ্তারের পর ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তাঁকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আছেন।
সূত্র জানায়, এ অবস্থায় ২১ মাসের বেশি সময় ধরে ‘বিনা বিচারে’ তানভীরকে আটক রাখা হয়েছে—এমন অভিযোগ নিয়ে সহায়তা চেয়ে জাতীয় মানবাধিকার কমিশনে ২ জুলাই আবেদন করেন তাঁর বাবা মাহবুবর রহমান। পরে তানভীরের আটকাদেশের বৈধতা নিয়ে গত ১৩ জুলাই হাইকোর্টে রিট আবেদন করেন জাতীয় মানবাধিকার কমিশন ও কমিশনের চেয়ারম্যান। ওই দিন আদালত তাঁকে এখতিয়ারসম্পন্ন বেঞ্চে জামিন আবেদন করতে বলেন। পরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে জামিন আবেদন দাখিল করা হয়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির লাশ উদ্ধার করে পুলিশ।