
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তানভীর রহমানের জামিন স্থগিত করেননি চেম্বার বিচারপতি। তাঁর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ দেন।
২ ডিসেম্বর বিনা বিচারে ২৬ মাস ধরে কারাগারে থাকা তানভীরের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে রুল দেন হাইকোর্ট। জামিন স্থগিত চেয়ে গতকাল রাষ্ট্রপক্ষ আবেদন করে।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও তানভীরের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ প্রথম আলোকে বলেন, আদালত ‘নো অর্ডার’ দিয়েছেন। ফলে তানভীরের জামিন বহাল থাকছে। এতে তাঁর কারামুক্তিতে বাধা নেই।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। তানভীরের পক্ষে ছিলেন ফাওজিয়া করিম ফিরোজ।
সাগর-রুনির পারিবারিক বন্ধু তানভীরকে ২০১২ সালের অক্টোবরে ওই মামলায় গ্রেপ্তার করা হয়।