তানভীরের দিন গণনা ভিন্ন কারণে...

৩৮তম দিন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার ৩৯তম দিনের শুরু। করোনাভাইরাসের বিস্তারে ঘরবন্দী মানুষ ঘরে বসে নানান হিসাবনিকাশ করছেন। তবে তানভীর হাসানের (সৈকত) দিন গণনার ভিন্ন কারণ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী রোদ বা বৃষ্টিতে, ভাইরাসে সংক্রমিত হওয়ার আতঙ্ককে তোয়াক্কা না করে ছিন্নমুল মানুষের মুখে রান্না করা খাবার তুলে দিচ্ছেন। আর খাবার নেওয়ার তালিকায় দিনদিন মানুষের সংখ্যা বাড়ছে। রমজানে ইফতার, সাহরী এবং অন্য ধর্মের মানুষের জন্য দুপুরের খাবারের তালিকায় মানুষের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। এই সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে বা তানভীর হাসান কতদিন খাবার দিতে পারবেন তা তিনি জানেন না।
এখন পর্যন্ত যে অর্থ তাঁর কাছে আছে তা নিয়ে হয়তো আরও ৬/৭দিন চলবে। এরপর...
পুরো দেশে সরকারের সাধারণ ছুটি, বিভিন্ন এলাকা লকডাউনের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ পুরো রাজধানীতেই পথে চলাচল করা মানুষের সংখ্যা কমে গেছে। তবে যে মানুষদের ঘর নেই তাঁরা পথেই থেকে গেছেন। খোলা আকাশের নিচে এই মানুষগুলো ঘুমাচ্ছেন, তবে খেতে তো হবে। তানভীর হাসান প্রথম দিকে পথের এই মানুষগুলোর হাতে চাল–ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দিতেন। কিন্তু চাল ডাল রান্না করবেন কোথায়? তাই চাল–ডালের পরিবর্তে রান্না করা খাবার দেওয়া শুরু করেন। আর রমজানেও খাবার দেওয়ার রুটিনে পরিবর্তন এনেছেন।

অন্য ধর্মের মানুষ যাতে দুপুরে খাবার পান তাই সাহরীর জন্য রান্না করা কিছু খাবার গরম করে রেখে দেওয়া হয়, প্রতিদিন ১০–১২ জন মানুষ এ খাবারের সন্ধানে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে। তানভীর হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ–ডাকসুর সদস্য। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য। তবে ছিন্নমূল, নিম্ন আয়ের মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন ব্যক্তি তানভীর হাসান। নিজের জমানো ১৩ হাজার টাকা দিয়েই পথে নেমেছিলেন।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের কাজকে 'শো–অফ' বলে উল্লেখ করে পোস্ট দেন। ২৪ মার্চ তিনি লিখেছিলেন–... শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। মানুষ হিসেবে এই নৈতিকতাবোধ থেকে মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। প্রতিদিন ৫০ জন মানুষের পাশে খাবার নিয়ে আমি সৈকত শো-অফ করব। আপনি চাইলে শো-অফ করতে পারেন। আমাদের শো-অফের কারনে যদি কিছু মানুষ খাবার পায় তাহলে মন্দ কিসে। ...কেউ যদি সহযোগিতা করতে চান যোগাযোগ (০১৬–৮৪০২৩৪১১) করতে পারেন। যে যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ান আর নিরাপদ থাকুন।
তানভীর হাসান বললেন,'কাজটি শুরু করেছিলাম একা। তবে এতবড় কাজ তো একা করা সম্ভব নয়। সে সামর্থ্যও নেই আমার। ফেসবুকে পোস্ট দেওয়ার পাশাপাশি আমার যে বন্ধুরা ভালো ভালো জায়গায় চাকরি করছে তাদের জানাই। বন্ধুদের অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দেন। শুধু আর্থিক সহায়তা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের কয়েকজন শারীরিক পরিশ্রম করতে রাজি আছেন বলে বলে জানিয়ে শ্রম দিচ্ছেন।
বাড়ি ফিরলে পরিবারের অন্য সদস্যদের ঝুঁকি বাড়বে তাই টিএসসির অতিথি কক্ষ বা নিজেদের প্রয়োজনে বানিয়ে নেওয়া টিএসসির স্টোর রুমের ফ্লোরে ঘুমিয়ে রাত কাটিয়ে দিচ্ছেন মাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, মেহেদী হাসান, ইসরাফিল পাবেল, মানিক হোসেনসহ কয়েকজন তরুণ। টিএসসিতে যে মামা চটপটি বিক্রি করতেন তিনিসহ তাঁর মতো কয়েকজন স্বল্প পারিশ্রমিকে রান্নাসহ নানান কাজ করে দিচ্ছেন। আর ফেসবুকের পোস্ট ও প্রতিদিনের কার্যক্রম দেখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকা শিক্ষক, এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন পেশা শ্রেণির প্রতিনিধিরা আর্থিক সহায়তায় এগিয়ে এসেছেন। কেউ কেউ আর্থিক সহায়তার পাশাপাশি নিয়মিত ফোন করেও সাহস দিয়ে যাচ্ছেন।'
মানুষের সহায়তায় তানভীর হাসানের সাহসটাও বাড়ছে। তাই তো খিচুড়ি খেতে খেতে অরুচি ধরে গেছে বলে বা একটু ভালো খাবারের জন্য পোলাও, রোস্টও রান্না করে ফেলছেন মাঝে মাঝে। বললেন, 'খাবারের তালিকায় পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করি। কিন্তু সব সময় তো আর এক খাবার খেতে ভালো লাগে না। এই মানুষগুলোরও তো একটু ভালো কিছু খেতে ইচ্ছে করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বেশ বড় অংকের টাকা দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। ওই টাকা থেকে পোলাও, দেশি মুরগির রোস্ট, জিলাপি, খেজুর খাইয়েছি। জিলাপিসহ অন্যান্য খাবার কিন্তু নিজেরাই রান্না করি। খাবার খেয়ে অনেকে বলেনও–রোস্টটা খুব মজা হইছিলো। ওই দিনের জিলাপিটা ভালা ছিল।'

তানভীর হাসান লক্ষ্মীপুরের ছেলে। বাবা–মা শিক্ষকতা করেন। দুই বোনের মধ্যে এক বোনের বিয়ে হয়েছে, আরেক বোন নবম শ্রেণিতে পড়ছে। তানভীর বললেন,'বাবা মায়ের আমি একটাই ছেলে। এই সময়ে সব বাবা মা চান সন্তান কাছে থাকুক। আমি বাড়ি না গিয়ে এ কাজ করছি পরিবারের আপত্তি করাটাই স্বাভাবিক। মা প্রতিদিন ফোন করে কান্নাকাটি করেন আর জানতে চান কবে বাড়ি যাব। আমারও বাড়ি যেতে মন চাচ্ছে। দেশের পরিস্থিতি ভালো হলে সবার আগে বাড়িতেই যাব।' তানভীর হাসান বললেন, 'আমি এ কাজ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে নতুনভাবে চিনতে পারছি। হয়তো তাঁরা সেই অর্থে তেমন ক্ষমতাবান নন, কিন্তু দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সবার আগে। একইভাবে অন্য যাঁরা এগিয়ে আসছেন সবার বেলাতেই একই কথা প্রযোজ্য। এই মানুষদের জন্যই আগামী ৬ থেকে ৭ দিনের জন্য আমি ও আমার দল নিশ্চিন্ত, যে কোনো মানুষ খাবারের জন্য হাত পাতলে ফিরিয়ে দিতে হবে না।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অস্থায়ী চুলা আর বড় বড় হাঁড়ি পাতিলে রান্না হয়। তানভীর হাসান জানালেন, কারওয়ান বাজার, কাপ্তান বাজার থেকে বাজার করেন। বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাব থেকে কয়েকটি হাঁড়ি পাতিল এনেছেন। আর কামরাঙ্গীরচর থেকেও ভাড়ায় কয়েকটি পাতিল এনেছেন, তবে এই কাজে লাগছে বলে ভাড়া কম নিয়েছেন মালিক। তানভীর হাসান বললেন, 'এখানে যাঁরা নিয়মিত খাবার নিতে আসেন তাঁরাও নিয়মকানুন শিখে গেছেন। সবাইকে নির্দিষ্ট দূরত্বে লাইন ধরে দাঁড়াতে হয়। লাইনের শেষ ব্যক্তি খাবার পেলে তবেই লাইন ভাঙার নিয়ম। এখানে কেউ অনিয়ম করলে এখন অন্যরাই শাসন করেন। খাবার পেতে হুঁড়োহুড়ি করেন না। খাবার দেওয়ার ক্ষেত্রে বৃষ্টিটা খুব ঝামেলা করছে, আর ওয়ানটাইম বক্স পাওয়াটাও কঠিন হয়ে যাচ্ছে।'

তানভীর হাসান জানালেন, তিনি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শাহবাগ থানাসহ বিভিন্ন জায়গায় লিখিতভাবে ছিন্নমূল মানুষগুলোকে সোহরাওয়ার্দী উদ্যানে রাখার প্রস্তাব দিয়েছেন। বলেছেন, এই মানুষগুলোর খাবার দেওয়া গেলে তারা সারা শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, এতে করে ভাইরাস সংক্রমিত হওয়ার ঝুঁকিটা কমবে।
তানভীর ললেন, ' প্রতিদিন খাবার নিতে আসা এই মানুষগুলো পরিবারের সদস্যদের মতো হয়ে গেছে। সেদিন একজন তরমুজ পেয়েছিলেন কোনো জায়গা থেকে, তা নিজে না খেয়ে আমার জন্য নিয়ে এসেছিলেন। কেউ খাবার নিতে না আসলে অসুস্থ হলো কি না তা নিয়ে চিন্তা হয়। কাজটা বাদ দিতে পারছি না, মনে হয় কিছু মানুষ আমরা খাবার দেব সে আশায় বসে আছেন। খাবার নেওয়ার তালিকায় মধ্যবিত্তদের সংখ্যাটাও বাড়ছে। সব মিলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে।'