নারায়ণগঞ্জে গুম, হত্যা, ডাকাতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সমাবেশ ও কালো পতাকা মিছিল করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। গতকাল শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশে সংগঠনের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি আশঙ্কা ব্যক্ত করে বলেন, ‘শামীম ওসমান আমাকে হত্যা করে বিএনপির সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের ওপর দোষ চাপাবে।’
রফিউর রাব্বি আরও বলেন, ‘আমরা এই শহর থেকে খুনি-গডফাদার-ভূমিদস্যু-চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিতাড়িত করে পরবর্তী প্রজন্মের বাসযোগ্য করে নগর গড়ে তুলব। নারায়ণগঞ্জে আর কোনো মায়ের বুক খালি হতে দেওয়া হবে না। নারায়ণগঞ্জ এমন এক শহরে পরিণত হয়েছে, যেখানে খুন হলে শহর উত্তপ্ত হয় না, বরং খুন হলো কেন—এ কথা বললে শহর উত্তপ্ত হয়ে ওঠে।’
নাম উল্লেখ না করে একটি গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ করে রফিউর রাব্বি বলেন, তারা সরকারের উচ্চমহলে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করেছে, আগামী নির্বাচনে রফিউর রাব্বি অংশ নেবে। এ কারণে বিএনপির সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন তাঁকে হত্যা করবে। আর এর জন্য আসামি করা হবে শামীম ওসমানকে।
রফিউর রাব্বি কোনো নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, ‘প্রকৃত সত্য হচ্ছে, শামীম ওসমান আমাকে হত্যা করবে। আর দোষ চাপাবে গিয়াসউদ্দিনের ওপর।’ টাকার বিনিময়ে এ ধরনের প্রতিবেদন পাঠানো হয়েছে বলে তিনি দাবি করেন।
সমাবেশে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতির সমন্বয়ক অঞ্জন দাস, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংশু সাহা প্রমুখ।
সমাবেশ শেষে কালো পতাকা মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।