তানহা, রাদিয়ারা বড় হচ্ছে ফুটপাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাদিয়ার বয়স এক বছরের একটু বেশি। আর তানহার বয়স সাত মাস। দুজনই বড় হচ্ছে রাজধানীর দুই ফুটপাতে। ফুটপাতেই হেসে, খেলে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ওদের দিন কাটে।
আজ বুধবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। এ ছাড়া আজ থেকেই দেশে ঘটা করে পালিত হচ্ছে শিশু অধিকার সপ্তাহের প্রথম দিন। রাজধানীর বিভিন্ন সড়কে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বড় বড় পোস্টার শোভা পাচ্ছে। তাতে লেখা আছে—শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার। তানহা, রাদিয়ারা বাসস্থান থেকে শুরু করে অনেক অধিকার থেকেই বঞ্চিত।
রাদিয়া বেড়ে উঠছে সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জ পার্কের সঙ্গে লাগোয়া ফুটপাতে। আজ বেলা দুইটার দিকে চারপাশে খাঁ খাঁ রোদ। রাস্তায় প্রচণ্ড যানজট আর গাড়ির হর্নের শব্দ। এর মধ্যেই রাদিয়া ঘুমাচ্ছে। ফুটপাতে একটি মোটা পলিথিনের ওপর কাঁথা বিছানো। রাদিয়ার মাথার নিচে কাপড় দিয়েই বালিশ বানানো হয়েছে। মাথার কাছেই সিগারেট ও চকলেট বিক্রির সরঞ্জাম। রাদিয়ার মা জরিনা একটু পরপর হাত দিয়ে মাছি তাড়াচ্ছেন। অনেক সময় রাদিয়ার শরীরের ওপর থেকে কালো বড় পিঁপড়া সরাচ্ছেন। এর ফাঁকেই ফুটপাত দিয়ে চলাচল করা মানুষের কাছে সিগারেট বিক্রি করছেন জরিনা।

রাদিয়াকে ঘুম দিয়ে পান-সিগারেট বিক্রিতে ব্যস্ত মা। আজ দুপুরে রাজধানীর পান্থকুঞ্জ পার্কের সঙ্গে লাগোয়া ফুটপাত থেকে তোলা। ছবি: প্রথম আলো
রাদিয়াকে ঘুম দিয়ে পান-সিগারেট বিক্রিতে ব্যস্ত মা। আজ দুপুরে রাজধানীর পান্থকুঞ্জ পার্কের সঙ্গে লাগোয়া ফুটপাত থেকে তোলা। ছবি: প্রথম আলো

জরিনার বাড়ি ময়মনসিংহে। তিনি জানালেন, পার্কের অন্য পাশে পলিথিনের ছোট ছাউনিতেই মেয়ের জন্ম। মেয়ের বাবা বাসের সহকারী হিসেবে কাজ করতে গিয়ে এক দুর্ঘটনায় দুই পা হারিয়েছেন। এরপর জরিনা ঢাকায় চলে এসেছেন বাঁচার তাগিদে। সিগারেট বিক্রির সরঞ্জাম আরেকজনের। তিনি জরিনাকে বিক্রি করতে দিয়েছেন। দিন শেষে ১০০-২০০ টাকা দেন, তা দিয়েই চলে মা ও মেয়ের জীবন।
জরিনা জানালেন, মেয়ের জন্মের পরপর অনেকেই মেয়েকে নিতে চেয়েছেন। তাঁর ভাষায়, ‘নিজের মেয়ে, কেমনে মাইনষেরে দেই।’ ফুটপাতে অনেক সময় পুলিশ এসে তাড়িয়ে দেয়। খারাপ মানুষ নানাভাবে হয়রানি করে। ঝড়-বৃষ্টি এলে তো কথাই নেই। তখন মেয়েকে নিয়ে দৌড়াতে হয় নিরাপদ আশ্রয়ের খোঁজে।
মেয়েকে এভাবে কত দিন আগলে রাখতে পারবেন—প্রশ্নে জরিনার চোখে-মুখে শুধুই হতাশা। তাঁর মতে, অন্তত পক্ষে মেয়ে একটু বড় না হওয়া পর্যন্ত তো এ সংগ্রাম করতেই হবে। এত ছোট বাচ্চাসহ কেউ কাজে নিতে চায় না। মা ও মেয়ের তো বাঁচতে হবে।
তানহা মা, নানা, নানির কাছে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে সড়ক লাগোয়া ফুটপাতেই বড় হচ্ছে। একপাশের ফুটপাতে যখন বেশি রোদ লাগে, তখন তানহার জিনিসপত্র নিয়ে আরেক পাশের ফুটপাতে জায়গা হয় তানহার।

পুতুলে নিয়ে খেলছে তানহা। ছবি: প্রথম আলো
পুতুলে নিয়ে খেলছে তানহা। ছবি: প্রথম আলো

তানহার মা মরিয়ম ফুটপাতেই ছোট পানের ডালা নিয়ে বসে পান বিক্রি করেন। তানহার নানি রিনা বেগম এবং নানা আবু সাঈদ সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেন। তিনজনের আয় দিয়েই চলে তানহার খাবারের জন্য কৌটার দুধ কেনাসহ অন্যান্য খরচ। প্লাস্টিকের একটি মেয়ে পুতুল আর লাল মখমল কাপড়ের একটি পান্ডা পুতুলও আছে তানহার।
তানহার নানি রিনা বেগম জানালেন, তানহা যখন মায়ের পেটে মাত্র চার মাসের, তখন ওর বাবা তানহা আর তানহার মাকে ফেলে চলে গেছেন। এরপর থেকে আর কোনো খোঁজ নেননি। তানহার জন্ম হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে। সব খরচ দিয়েছেন রিনা বেগম ও তাঁর স্বামী। এখনো মা ও মেয়ের দায়িত্ব বহন করছেন তাঁরাই।
বাংলাদেশে পথশিশু কত—এর সঠিক পরিসংখ্যান নেই। ২০০৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস পথশিশুদের নিয়ে একটি জরিপ করে। ওই জরিপ অনুযায়ী সে সময় দেশে পথশিশুর সংখ্যা ছিল, প্রায় সাত লাখ। ওই জরিপেই এ সংখ্যা ২০১৪ সালে ১১ লাখ ৪৪ হাজারে দাঁড়াবে বলে অনুমান করা হয়। আর ২০২৪ সালে এ সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে যাবে বলেও অনুমান করা হয়।
তবে বিআইডিএসের ওই জরিপের সংখ্যা গ্রহণযোগ্য মনে করে না সরকার। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় গত বছরের জানুয়ারি মাস থেকে রাজধানীতে পথশিশু পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে। চলমান এ কার্যক্রমের মাধ্যমে রাতে কোনো শিশু পথে ঘুমাবে না—তা নিশ্চিত করতে চাইছে সরকার। এ কার্যক্রমের প্রকল্প পরিচালক আবুল হোসেন প্রথম আলোকে বলেন, পথশিশুদের নিয়ে সাম্প্রতিক সময়ে কোনো জরিপ হয়নি। ঈদসহ বিভিন্ন উৎসব বা সময়ভেদে পথশিশুদের সংখ্যা বাড়ে আবার কমে। বর্তমানে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও শেল্টার হোমসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ফলে পথশিশুর সংখ্যা কমে আসছে। গত বছর কার্যক্রম শুরুর সময় প্রাথমিক জরিপ অনুযায়ী, রাজধানীতে তিন হাজার শিশু রাতে পথে ঘুমায়।