তানহাকে হত্যার কথা স্বীকার করেছেন মায়ের বন্ধু রাজীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁওয়ে শিশু জেনিফা ইসলাম তানহাকে গলা টিপে খুন করার কথা স্বীকার করেছেন তার মা হালিমা ইয়াসমিনের বন্ধু রাজীব। পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদে প্রথম দুই দিন অনড় অবস্থানে থাকার পর গত মঙ্গলবার রাজীব হত্যার কথা স্বীকার করেন। খিলগাঁও থানার পুলিশ জানিয়েছে, হালিমার মুখোমুখি করার পরই মুখ খোলেন রাজীব। সিপাহীবাগের একটি বাড়ির চতুর্থ তলার কার্নিশ থেকে ৪ আগস্ট সাড়ে তিন বছর বয়সী তানহার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তানহার মা হালিমা আগেই পুলিশ ও আদালতের কাছে স্বীকার করেন, পাঁচ দিন ঘরে পড়ে থাকার পর ৩ আগস্ট তানহার লাশ জানালার গ্রিল গলে বাইরে ফেলে দিয়েছিলেন তিনি।গত ২৭ জুলাই মেয়ে তানহাকে নিয়ে রাজীবের হাত ধরে ঘর ছাড়েন হালিমা। স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁরা সিপাহীবাগে একটি ফ্ল্যাট ভাড়া নেন। তানহার বাবা মিরপুরের ব্যবসায়ী ফারুক হোসেন শিশুসন্তান হত্যার অভিযোগে রাজীব ও হালিমাকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করেন। ওই মামলায় গত রোববার রাজীবকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দীন প্রথম আলোকে বলেন, প্রথমে সবকিছু অস্বীকার করলেও হালিমার মুখোমুখি করার পর রাজীব ঘটনা স্বীকার করেছেন। রাজীব পুলিশকে জানিয়েছেন, গত ২৭ জুলাই হালিমাকে নিয়ে তিনি সিপাহীবাগের ওই বাড়িটিতে ওঠেন। দুই দিন সেখানে থাকার পর গত ২৯ জুলাই তিনি তানহাকে গলা টিপে খুন করে বাসা থেকে বের হয়ে যান।খিলগাঁও থানার ওসি জানান, আজ বৃহস্পতিবার রাজীব ও হালিমা দুজনকেই আদালতে নেওয়া হবে। মঙ্গলবার হালিমাকেও দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।