তানা-হিনার কষ্ট, মা বাবার চোখে জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো নেই দৃষ্টিপ্রতিবন্ধী যমজ দুই বোন তানা ও হিনা। নানা জটিল রোগে আক্রান্ত বোন দুটির জীবন এখন সংকটাপন্ন। অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না তাঁদের। বিছানায় শুয়ে শুয়ে তরল খাবার খেয়ে ২৪টি বছর পার করতে হয়েছে তাঁদের। সামনে আরও কঠিন সময়। সেটা কী করে পাড়ি দেবেন, সে চিন্তায় তানা-হিনার মা-বাবা শুধুই কাঁদেন।তানা-হিনার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামে। বাবা সৈয়দ আমিরুল হুসাইন কবিরাজি করেন, আর মা সৈয়দা মনরুজ বেগম গৃহিণী।যমজ এই বোন দুটিকে নিয়ে ২০১০ সালের ৮ আগস্ট প্রথম আলোতে ‘তরল খাবার, কঠিন জীবন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। অনেকেই তাঁদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। প্রায় আড়াই লাখ টাকা ওঠে। ওই টাকায় কিছুদিন চিকিৎসা হয় তাঁদের।সরেজমিনে তানা-হিনাদের বাড়িতে দেখা যায়, দুই বোন বিছানায় শুয়ে আছেন। কেমন আছেন, জানতে চাইলে সমস্বরে দুজনই বলে ওঠেন, ‘ভালো।’ ছবি তোলার কথা বলতেই দুই বোন হইচই জুড়ে দেন।তাঁদের মা-বাবা জানান, ১৯৮৮ সালের ৪ জানুয়ারি তাঁদের জন্ম। যমজ শিশু দেখে খুব খুশি হয়েছিলেন তাঁরা। পরে দেখতে পান মেয়ে দুটি চোখে দেখতে পান না। পা বাঁকা। শুরু হয় তাঁদের চিকিৎসা। একে একে কয়েক লাখ টাকা খরচ হয়ে যায়। শুধু তরল খাবার দিয়েই নয়টি বছর বাঁচিয়ে রাখতে হয় তাঁদের। বাকি ১৫টি বছর কাটে শুধু ফল ও সবজির রস পান করে। ভাত বা শক্ত খাবার হজম করতে পারেন না তাঁরা। এখন রোজ তাঁদের পেছনে খাবার ও ওষুধ বাবদ খরচ হয় ৪০০ টাকা। কিছুদিন আগে তানার পেটে ও বুকে টিউমার ধরে পড়ে। এ ছাড়া রয়েছে নানা মেয়েলি সমস্যা।তাঁদের বাবা সৈয়দ আমিরুল হুসাইন বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেন, ‘ওদের বয়স যতই বাড়ছে, ততই নানা রোগ-শোক দেখা দিচ্ছে। ওদের চিকিৎসা আর খাবার জোগাতে গিয়ে জমিজমা সব বিক্রি করে দিয়েছি। এখন আমি নিঃস্ব।’মা সৈয়দা মনরুজ বেগম বলেন, ‘মেয়ে দুটির কষ্ট দেখলে চোখে জল এসে যায়। সৃষ্টিকর্তা কেনই বা এভাবে ওদেরকে দুনিয়াতে পাঠাল?’ তানা-হিনাকে সাহায্য পাঠানোর ঠিকানা: সৈয়দ আমিরুল হুসাইন, সঞ্চয়ী হিসাব নম্বর-০০২০৭৫৯৮৪, সোনালী ব্যাংক, মাধবপুর শাখা, হবিগঞ্জ।