তানিয়া হত্যার প্রতিবাদে সাভারে মানববন্ধন
ঢাকার সাভারে পরিবারকল্যাণ সহকারী তানিয়া আক্তার হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার আমিনবাজার এলাকায় সালেহপুর সেতুর কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল সকাল থেকেই সালেহপুর সেতুর কাছে লোকজন জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন থেকে তানিয়া হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালে আমিনবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. সোহরাব হোসেন বলেন, প্রেম করে বিয়ে করায় শ্বশুরবাড়ির লোকজন তানিয়াকে মেনে নিতে পারছিলেন না। এ কারণেই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনা ধামাচাপা দিতে লাশ গুম করারও চেষ্টা করা হয়।
তানিয়ার মা সামসুন্নাহার বেগম বলেন, তাঁর মতো আর কোনো মায়ের কোল যাতে খালি না হয় সে জন্য তানিয়া হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের ফাঁসির ব্যবস্থা করতে হবে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, তানিয়া হত্যার ঘটনায় তাঁর স্বামী ওমর ফারুক ও শ্বশুর মজিবর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তানিয়া (২৩) আমিনবাজার ইউনিয়নের সালেহপুর গ্রামের হযরত আলীর মেয়ে। তিনি পরিবারকল্যাণ সহকারী হিসেবে আমিনবাজারের দায়িত্বে ছিলেন। বছরখানেক আগে আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে ওমর ফারুকের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বনিবনা না হওয়ায় মাস ছয়েক আগে তানিয়া বাবার বাড়ি চলে যান। গত ৪ ডিসেম্বর তানিয়াকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে তাঁর দেবরের বাসায় ডেকে নেওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত সোমবার তুরাগ নদ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।