তানোরে আদিবাসী গ্রামের পাঁচটি বাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
রাজশাহীর তানোর উপজেলার বাধাইর ইউনিয়নের আদিবাসী গ্রাম শিকপুরের পাঁচটি বাড়ি গত রোববার গভীর রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার তানোর থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে। জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে ওই বাড়িগুলোতে আগুন লাগানো হতে পারে বলে পুলিশ ধারণা করছে। শিকপুর গ্রামের মোড়ল গণেশ সরেন জানান, ছয় মাস ধরে ৩৫টি ভূমিহীন সাঁওতাল পরিবার শিকপুর মৌজার জেএল ৩৭ নম্বরে ৫২ নম্বর দাগে ৭ দশমিক ৬ একর জমিতে বসবাস করছে। এ জমি অর্পিত সম্পত্তি হিসেবে চিহ্নিত। ১৯২২ সালের রেকর্ডে তা আদিবাসী কুড়িয়া, বিশু, পাড়ু, জয়রাম, পেরু, জোলাই ও সিংড়া মাঝি এবং অধর চন্দ্র সরকারের নামে রয়েছে। কিন্তু পরে সিদ্দিক হোসেন নামের এক ব্যক্তি জালিয়াতি করে ওই জমি নিজের নামে রেকর্ড করে নেন। এ নিয়ে রাজশাহীর যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলাও রয়েছে। এই অবস্থায় জালিয়াতচক্রের সহযোগীরা বিবদমান জমি থেকে উচ্ছেদ করতে রোববার গভীর রাতে এখানে বসবাসকারী লুবিন বাস্কি, জোসেফ টুডু, ছুতার মুর্মু, বারন মুর্মু ও নরেন বাস্কির বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে লুবিন, জোসেন ও ছুতারের বাড়ি সম্পূর্ণ ও বাকি দুজনের বাড়ি আংশিক ভসঞ্চীভূত হয়। গতকাল ইউএনও কাজী জিয়াউল বাসেদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নুল আবেদিন ও কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সহকারী কমিশনার জয়নুল বলেন, জমিটি বিরোধপূর্ণ। কাগজপত্র না দেখে কিছু বলা সম্ভব নয়।