তানোরে আদিবাসীদের বিক্ষোভ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের গুড়ইল গ্রামের এক আদিবাসীর পুকুর থেকে মাছ লুট ও সম্প্রতি বিভিন্ন গ্রামে আদিবাসীদের ওপর নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আদিবাসীরা।
জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসীদের সংগঠন লাহান্তি ফাউন্ডেশনের উদ্যোগে তানোর থানা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে রাজশাহীর তানোর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তিন শতাধিক আদিবাসী নারী-পুরুষ অংশ নেন।
তানোর থানা মোড়ে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টার এই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন এলিজাবেথ টুডু, আদিবাসী পরিষদের নেতা বিমল রাজোয়ার, গণেশ মাঝি, রবীন্দ্রনাথ হেমব্রম, লাহান্তি ফাউন্ডেশনের নেতা বঙ্গপাল সর্দার, পল বিশ্বাস, প্রতিমা রানী কর্মকার প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আদিবাসীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে তাঁকে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৯ মে স্থানীয় প্রতারক চক্রের সদস্য আজিজুল আলম, তালেব, রেজাউল ও শাহিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশি অস্ত্রে সজ্জিত হয়ে গুড়ইল গ্রামের আদিবাসী চুনকু টুডুর পুকুর থেকে মাছ লুট করে। লুট করা এই মাছের মূল্য প্রায় এক লাখ টাকা। গ্রামের আদিবাসীরা বাধা দিলে তাঁদের মারধর করে প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা।
পরে এ ঘটনায় চুনকু টুডুর মেয়ে এলিজাবেথ টুডু তানোর থানায় মামলা করতে গেলে তা গ্রহণ করা হয়নি।
এ ছাড়া মানববন্ধনে বক্তারা বলেন, তানোরের মুণ্ডুমালা পৌর এলাকার ময়েনপুর গ্রামের ছাত্রনেতা বাবুল হেমব্রম হত্যা মামলার আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সম্প্রতি এক আদিবাসী শিশু ধর্ষণসহ বিভিন্ন গ্রামে আদিবাসীদের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো প্রতিকার পাওয়া যায়নি।
আগামী সাত দিনের মধ্যে চুনকু টুডুর পুকুরের মাছ লুটকারীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।