তানোরে আমন খেতে পাতামরা রোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে আমন খেতে পাতামরা বা ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (বিএলবি) রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লোকজনের কাছে তেমন কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে কৃষকেরা অভিযোগ করেছেন। এ অবস্থায় দিশেহারা কৃষকেরা ওষুধ কোম্পানির কর্মীদের পরামর্শ নিয়ে ফসল রক্ষার চেষ্টা করেও ফল পাচ্ছেন না।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার তানোর উপজেলায় ২১ হাজার ৭৭৫ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এর মধ্যে স্থানীয় স্বর্ণা জাতের ধান চাষ হয়েছে ১৩ হাজার ৫০০ হেক্টর জমিতে। আর এই স্বর্ণা জাতের ধানেই এই রোগের প্রাদুর্ভাব বেশি। এ ছাড়া অন্য জাতের ধানেও এই রোগের বিস্তার লক্ষ করা যাচ্ছে।
গতকাল সোমবার উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, স্বর্ণা জাতের ধান ছাড়াও কমবেশি অন্যান্য জাতের ধানেও এই রোগের প্রাদুর্ভাব রয়েছে। উপজেলার কলমা ইউনিয়নের এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি।
গত শুক্রবার এই ইউনিয়নের নড়িয়াল গ্রামে গিয়ে দেখা যায়, বিঘার পর বিঘা জমির ধানের পাতা মরে যাচ্ছে। গ্রামের কৃষক হাবিবুর রহমান এবার আট বিঘা জমিতে আমন চাষ করেছেন। ইতিমধ্যেই তাঁর চার বিঘা জমিতে এই রোগ দেখা দিয়েছে। তিনি কোম্পানির কর্মীদের পরামর্শে ওষুধ ব্যবহার করছেন। কিন্তু এখনো এতে সুফল পাননি। উল্টো নতুন নতুন জমিতে এই রোগ ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, কৃষি বিভাগের মাঠকর্মী কারা তা এলাকার কৃষকেরা জানেন না। কোনো দিন তাঁদের সঙ্গে পরিচয়ও হয়নি।
কৃষক আমিনুল ইসলামের ১৫ বিঘা জমির আমন ধানে এই রোগ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ওই জমির প্রায় ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, কৃষি বিভাগের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুল কবির কামালী আমন ধানে পাতামরা রোগের প্রাদুর্ভাবের বিষয়টি স্বীকার করে বলেন, এই রোগের নাম ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট। কৃষকদের কাছে এটি ধানের পাতা হলুদ ও পাতামরা রোগ নামে পরিচিত। তবে কী পরিমাণ জমিতে এই রোগ ছড়িয়েছে তা জরিপ করা হয়নি। আজ (সোমবার) তাঁদের সভা রয়েছে। সেখানে মাঠকর্মীদের এ ব্যাপারে বলা হবে। ইতিমধ্যেই এই রোগের প্রতিকার-সংবলিত প্রচারপত্র তৈরি করা হয়েছে।
হাসানুল কবির কামালী বলেন, এই রোগে স্ট্রেপটোমাইসিন গ্রুপের ওষুধ ব্যবহার করলে সুফল পাওয়া যাবে। এ জন্য প্রতি লিটার পানিতে এক গ্রাম ওষুধ মেশাতে হবে। আর প্রতি শতাংশ জমিতে দুই লিটার ওষুধমিশ্রিত পানি ব্যবহার করতে হবে। তবে খেতে কোনোভাবেই ইউরিয়া ব্যবহার করা যাবে না।