তানোরে কারাম উৎসব উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা কার্তিক মাসের দশম দিনে গত বুধবার রাজশাহীর তানোর উপজেলার চিমনা গ্রামের ওঁরাও আদিবাসীরা নেচে-গেয়ে দাশাই কারাম উৎসব উদ্যাপন করেছে। গত মঙ্গলবার কারামগাছের (খিল কদম) ডাল কেটে গ্রামের আখড়ায় (খোলা বড় জায়গা) পুঁতে পূজা করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় কারাম উৎসব। এ উৎসবকে স্বাগত জানাতে এক সপ্তাহ আগে থেকে প্রতিদিন সন্ধ্যার পর আখড়ায় নারী-পুরুষের নাচ-গানের আয়োজন করা হয়। কারামগাছের ডালকে পূজা করাকে কেন্দ্র করেই উদ্যাপিত হয় এ উৎসব। গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি পূজার আনুষ্ঠানিকতা পরিচালনা করেন। বুধবার সকালে কারাম ডালগুলো আখড়া থেকে উঠিয়ে নেচে-গেয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরিয়ে পুকুরে বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে এ উৎসব শেষ হয়।কারামগাছের ডালকে পূজা করার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে ওঁরাও সম্প্রদায়ের তুরিয়া কুণ্ডু প্রথম আলোকে বলেন, একসময় ওঁরাও জাতির ওপর আক্রমণ চালায় আর্যরা। ওঁরাও সম্প্রদায়ের লোকজন তখন পালাতে থাকে। একপর্যায়ে তারা এই কারামগাছের নিচে আশ্রয় নিয়ে বেঁচে যায়। এই বিশ্বাস থেকে ওঁরাও সম্প্রদায় কারামগাছকে পূজা করে আসছে। আগে প্রতিটি গ্রামেই কারাম উৎসব উদ্যাপন করা হতো। অভাব-অনটনের কারণে দাশাই কারাম এখন হাতে গোনা কয়েকটি গ্রামে উদ্যাপন করা হয়।