তানোরে চুরির অভিযোগে যুবলীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে একটি মুঠোফোনের দোকানে চুরির অভিযোগে উপজেলার মুণ্ডুমালা পৌর যুবলীগের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া যুবলীগের ওই নেতার নাম আহাম্মদ হোসেন ওরফে সিজার।গত শনিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় লোকজন জানান, উপজেলার মুণ্ডুমালা বাজারের মমেনা সুপার মার্কেটে নয়ন টেলিকম নামের একটি মুঠোফোনের দোকানে ৪ জুন রাতে ৪২টি মুঠোফোনসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। দোকানের মালিক নয়ন এ ঘটনায় নৈশপ্রহরী আবদুল মতিন, হবু, গফুর, লিটুসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনার বেশ কয়েক দিন পর গোপন তথ্যের ভিত্তিতে আহাম্মদ ও তাঁর বন্ধু বাবু জড়িত বলে খবর পান নয়ন। পরে নয়ন বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা ও তানোর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামকে জানান। তদন্ত কর্মকর্তা এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নিলে ২৫ জুলাই তিনি রাজশাহী জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে বিষয়টি লিখিতভাবে জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।