তানোরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
রাজশাহীর তানোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ওই শিক্ষকের নাম আবু সুফিয়ান (৩০)। তিনি তানোরের একটি বালিকা উচ্চবিদ্যালয়ের বিএসসি শিক্ষক। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ ও ধর্ষণের শিকার মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষক আবু সুফিয়ানের কাছে স্কুলের নবম শ্রেণীর ওই ছাত্রী প্রাইভেট পড়ত। গত রোববার রাত আটটার দিকে প্রাইভেট পড়ানো শেষে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে সুফিয়ান ওই ছাত্রীর সঙ্গে আসেন। একপর্যায়ে ওই ছাত্রীকে জঙ্গলে টেনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এ ব্যাপারে রাতেই থানায় একটি অভিযোগ করা হয়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ গতকাল তানোর বাজার এলাকা থেকে আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ধর্ষণের কথা স্বীকার করে ওই শিক্ষক এখন মেয়েটিকে বিয়ে করতে চান। কিন্তু মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক। তা ছাড়া ধর্ষণের মামলা আপসযোগ্য নয়। সুফিয়ানকে রাজশাহী বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে।