তানোরে ছাত্রীর আত্মহনন সম্ভ্রমহানির মামলা শিক্ষক পলাতক
রাজশাহীর তানোরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সম্ভ্রমহানি ও আত্মহননের ঘটনায় গত বুধবার দিবাগত রাতে মামলা হয়েছে। আগের দিন প্রধান শিক্ষকের কক্ষ থেকে বের হওয়ার এক ঘণ্টার মধ্যে ওই ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।মেয়েটির নাম সনজিতা খাতুন (১৪)। বাড়ি উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের জুরান গ্রামে। সে চান্দুড়িয়া ড. আবু বক্কর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ত।তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান মেয়েটিকে উপবৃত্তির কাজের জন্য বিদ্যালয়ে ডেকেছিলেন। ফিরে এসে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওই মেয়েটি মধ্যস্থতা করে বিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে ছাত্রীদের প্রেমের সম্পর্ক তৈরি করে দেয়। তাকে এ বিষয়ে কথা বলার জন্য ডাকা হয়েছিল। তার উপবৃত্তির একটা কাজও ছিল।’ তবে কথা বলার সময় প্রধান শিক্ষককে অস্থির লাগছিল।মামলার তদন্ত কর্মকর্তা তানোর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, মামলার পর ওই শিক্ষকের বাসায় চারবার তল্লাশি চালানো হয়েছে। তিনি পলাতক রয়েছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, হয়তো কোনো ধরনের যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে, যে জন্য মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।