তানোরে টিআরের বরাদ্দ নয়ছয় করার ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় টেস্ট রিলিফের (টিআর) চাল বিক্রি করে রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) লাগানোর উদ্যোগ নেওয়ার ঘটনা তদন্তে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ইউএনওকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আজ সোমবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, ইউএনও কার্যালয়ের টেবিল, চেয়ার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের টেবিল, প্রিন্টার, ফ্যাক্স মেশিনসহ অন্যান্য সরঞ্জাম কেনার জন্য টিআরের চাল বরাদ্দ নেওয়ার বিষয়টি তদন্তের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার বিভাগ) এম এ মান্নানকে প্রধান করে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি অভিযোগগুলো তদন্ত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন পেশ করবে।ইউএনও জিয়াউল বাসেতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহাম্মেদ জানান, বিধিবহির্ভূত কাজ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, টিআর দিয়ে সাধারণত মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট মেরামত করা হয়ে থাকে। আর যুগ্ম সচিবের নিচে কোনো সরকারি কর্মকর্তা এমনিতেই গাড়িতে এসি ব্যবহার করতে পারেন না। গতকাল প্রথম আলোতে ‘টিআরের চাল বেচে ইউএনওর গাড়িতে এসি!’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়েছে।