তানোরে দোররার আঘাতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলায় গ্রাম্য সালিসে ফতোয়াবাজদের দোররার আঘাতে আহত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই তৈমুর রহমান গতকাল শনিবার সাতজনের বিরুদ্ধে তানোর থানায় মামলা করেছেন। আসামিরা হলেন: তানোরের কচুয়া গ্রামের বাক্কার আলী, নওশের আলী মোল্লা, প্রভাষক ইমামুল হক, জহির উদ্দিন, সাজ্জাদ হোসেন, মেহেরজান ও কচুয়া দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম আফসার আলী। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক সরকার বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কচুয়া গ্রামের এক ভিক্ষুকের দ্বিতীয় স্ত্রী সুফিয়ার (৪৫) সঙ্গে তাঁর সতিনের এক ছেলের (৩৬) অবৈধ সম্পর্কের অভিযোগ তোলেন গ্রামের মাতবরেরা। এ ঘটনায় গত ১২ নভেম্বর গ্রামের বাক্কার আলীর উঠানে নওশের আলী মোল্লা, প্রভাষক ইমামুল হক, জহির উদ্দিন, ইমাম আফসার আলীসহ সমাজপতিরা সালিস ডাকেন। সেখানে সুফিয়া ও তাঁর সতিনের ছেলেকে ৪০ ঘা করে দোররা মারা হয় এবং কানে ধরিয়ে তওবা করানো হয়।দোররা মারার পর অসুস্থ হয়ে পড়লে সুফিয়াকে প্রথমে মুন্ডমালা ও কাঁকন হাটের বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা করানো হয়। ১৯ নভেম্বর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বেশ কিছুদিন চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক সুফিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার প্রস্তুতি নিতে নিতেই গত ১৪ ডিসেম্বর তানোরের কৃষ্ণপুর গ্রামে ভাই তৈমুর রহমানের বাড়িতে সুফিয়ার মৃত্যু হয়।তৈমুর রহমান প্রথম আলোকে বলেন, দোররা মারার পর সুফিয়াকে কচুয়ায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়। মামলা করতে গেলে তানোর থানার এক পুলিশ ও এক দালাল তাঁকে ১০ হাজার টাকা আনতে বলেন। টাকা জোগাড় করতে না পেরে এত দিন তিনি মামলা করতে পারেননি। দোররা মারার ঘটনার সত্যতা নিশ্চিত করে ইমাম আফসার আলী বলেন, ‘কুমিল্লার হুজুর মাওলানা রুহুল আমিনের সঙ্গে মুঠোফোনে পরামর্শ করে তাঁর কথামতো উভয়কে দোররা মারা হয়েছে।’ গ্রামের মাতবর নওশের আলী বলেন, ‘সমাজ টিকিয়ে রাখতেই গ্রামে বিচার করা হয়েছে।’