তানোরে নয়জন অ্যানথ্রাক্সে আক্রান্ত?
রাজশাহীর তানোর উপজেলায় নয় ব্যক্তি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধিরা আক্রান্ত ব্যক্তিদের রক্ত ও মূত্রসহ অন্যান্য নমুনা নিয়ে গেছেন।
এলাকাবাসী জানান, সম্প্রতি উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের রাতৈল দক্ষিণপাড়া গ্রামের রবিউল ইসলাম, শুকুর আলী, শরিফুল ইসলাম, তাঁর স্ত্রী চায়না বেগম, শিশু শাওন, নজরুল মণ্ডল, জুয়েল রানা ও আনারুল ইসলামসহ নয়জনের শরীরে ঘা ফুটে ওঠে। স্থানীয় কমিউনিটি ক্লিনিকে তাঁরা প্রাথমিক চিকিৎসা নেন। পরে ঘায়ের মাত্রা আরও বাড়তে থাকে।
চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান জানান, আক্রান্ত ব্যক্তিদের অবস্থা গুরুতর হলে বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানানো হয়।