তানোরে পুকুর থেকে ছাত্রের লাশ উদ্ধার
রাজশাহী কলেজের এক ছাত্রের লাশ তানোর উপজেলার সমাসপুর গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ওই ছাত্রের নাম নীলাদ্রি সরকার (২২)। তিনি তানোর উপজেলার পারিশোদুর্গাপুর গ্রামের দিলীপ সরকারের ছেলে ও রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে তানোর উপজেলার সমাসপুর গ্রামের জবু মণ্ডলের পুকুরে স্থানীয় লোকজন লাশ ভেসে থাকতে দেখে তানোর থানায় খবর দেয়। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তাঁর পরনে প্যান্ট ও শার্ট ছিল। প্যান্টের পকেটে রাজশাহী কলেজের পরিচয়পত্র পাওয়া যায়। বিকেল পাঁচটার দিকে রাজশাহীর পুলিশ সুপার তৌফিক মাহবুব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, নীলাদ্রি গত বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে বাবার সঙ্গে নীলাদ্রির শেষ কথা হয়েছে। নীলাদ্রি এ সময় তাঁর বাবাকে জানান, তিনি রাজশাহী থেকে বাড়িতে আসছেন। রাস্তার মধ্যে ভ্যানে আছেন। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পুকুরের এক পাড় দিয়ে নামার চিহ্ন রয়েছে। অপর পাড় দিয়ে কেউ ওঠার চেষ্টা করেছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় নীলাদ্রির বাবা মামলা করবেন না বলে জানিয়েছেন।