তানোরে ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে পুলিশের বিরুদ্ধে স্থানীয় বণিক সমিতির নেতাদের লাঞ্ছিত ও বাজারের নৈশপ্রহরীকে মারধর করার অভিযোগে ব্যবসায়ীরা গতকাল রোববার ধর্মঘট পালন করেছেন। গতকাল ব্যবসায়ীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে সকাল থেকে তানোরে যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে।ব্যবসায়ীরা জানান, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে তানোর বাজারে বণিক সমিতির কার্যালয়ের সামনে থেকে নৈশপ্রহরী কমান্ডার বাবুল হোসেনকে (৩৩) পুলিশ জোর করে ধরে নিয়ে যায়। বাধা দিতে গিয়ে বণিক সমিতির সভাপতি সারোয়ার জাহান ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পুলিশের হাতে লাঞ্ছিত হন। ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশ বাবুল হোসেনকে ধরে নিয়ে বেদম পেটায়। রাত আটটার দিকে তাঁরা থানা ঘেরাও করে মুচলেকা দিয়ে বাবুলকে ছাড়িয়ে এনে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা তানোর বাজারে দুই দিনব্যাপী ধর্মঘট আহ্বান করেন।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক সরকার বলেন, ‘নৈশপ্রহরীর বিরুদ্ধে একটি অভিযোগ ছিল বলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। তাঁকে কোনো মারধর করা হয়নি। সে মাদকাসক্ত। তাকে ধরার সময় কলাপসিবল গেটে হাত আটকে খানিকটা লেগেছে। এ জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’