তানোরে ভিজিএফের চাল পাননি দেড় হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে আওয়ামী লীগ-সমর্থক ইউপি সদস্যদের বাদ দিয়ে ভিজিএফের সুবিধাভোগীদের তালিকা করায় ঈদের আগে এক হাজার ৬৩০ জনের এই চাল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গতকাল বুধবার সকাল থেকেই চাল বিতরণের কথা ছিল।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে উপজেলার তালন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক হাজার ৬৩০ জন হতদরিদ্র মানুষের জন্য ১৬ হাজার ৩০০ কেজি চাল বরাদ্দ করা হয়। ইউপির আওয়ামী লীগ-সমর্থক সদস্য আবদুল করিম ও আয়ূব আলী অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান ইউপির বিএনপি-সমর্থক ১০ জন সদস্যকে দিয়ে সুবিধাভোগীদের তালিকা তৈরি করেছেন। ওই সব সদস্য শুধু বিএনপির সমর্থকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। আবদুল করিম ও আয়ূব আলী এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সাংসদের কাছে অভিযোগ দেন।ইউএনও মাজেদা ইয়াসমিন বলেন, নীতিমালা অনুযায়ী স্থানীয় সাংসদের সঙ্গে পরামর্শ করে তালিকা করতে হবে। কিন্তু চেয়ারম্যান একক সিদ্ধান্তে তালিকা তৈরি করায় চাল বিতরণ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সাংসদের নির্দেশনা পেলে চাল বিতরণের অনুমতি দেওয়া হবে।মোহর গ্রামের হতদরিদ্র আসান আলী, জোসনা বেওয়া ও ইদ্রিস আলী বলেন, আওয়ামী লীগ-সমর্থক ইউপি সদস্য আবদুল করিমকে ভোট দেওয়ার কারণে তাঁদের নাম ভিজিএফের তালিকাভুক্ত করা হয়নি। অথচ তাঁদের ওয়ার্ডের বিএনপি-সমর্থক নারী সদস্য খালেদা বেগম তাঁর পছন্দের লোকদের তালিকাভুক্ত করেছেন।আবদুল করিম বলেন, তিনি আওয়ামী লীগ-সমর্থক বলে চেয়ারম্যান তাঁকে ভিজিএফের তালিকা তৈরি করতে দেননি।ইউপি চেয়ারম্যান বলেন, আবদুল করিম ও আয়ূব আলী সব সময় আওয়ামী লীগের দলীয় লোকদের নাম তালিকাভুক্ত করেন বলে এলাকার লোকজন তাঁর কাছে অভিযোগ দিয়েছেন। এ কারণে তাঁদের তালিকা নেওয়া হয়নি। নিরপেক্ষভাবে ইউপির নারী সদস্যদের দিয়ে তালিকা করা হয়েছে। তবে এসব তালিকা নিয়ে সাংসদের অভিযোগ থাকায় পুনরায় তালিকা তৈরি করা হচ্ছে।স্থানীয় সাংসদ ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আমরা নিরপেক্ষভাবে এই তালিকা প্রণয়নের জন্য চেয়ারম্যান বিএনপির সমর্থক হলেও তাঁর ওপর দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু তিনি আবার আওয়ামী লীগের সমর্থকদের বাদ দিয়ে তালিকা করেছেন। এ কারণে নিরপেক্ষভাবে হতদরিদ্র মানুষের তালিকা করার জন্য চেয়ারম্যানের তালিকা অনুযায়ী বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’