তানোরে মাছ মেলায় মানুষের ঢল
ব্যাগের ভেতর থেকেই লেজ নাড়াচ্ছে তাজা মাছ। বিলকুমারী বিলের মাছ। মাঠ থেকে যারা বের হয়ে আসছে, তাদের সবার হাতেই একটা করে মাছের ব্যাগ। যাদের হাতে ব্যাগ নেই, তারা বেশ দর্শনীয় ভঙ্গিতে ঝুলিয়ে নিয়ে আসছে বড়সড় একটা মাছ।রাজশাহীর তানোরের গোল্লাপাড়া ডাকবাংলো ফুটবল মাঠ থেকে গতকাল শুক্রবার সকালে এভাবেই বেরিয়ে আসছিল সারি সারি মানুষ। এই মাঠে বসানো হয়েছে মাছ মেলা। গতকাল ভোরে উপজেলার বিলকুমারীর বিলকে মাছ ধরার জন্য উন্মুক্ত ঘোষণা করেন স্থানীয় সাংসদ ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। তখন থেকে জেলেরা ছোট ছোট নৌকা আর জাল নিয়ে বিলে মাছ ধরতে নেমে পড়েন। এক বছর ধরে তাঁদের এই দিনটির জন্য অপেক্ষা করতে হয়েছে। এই বিলের মাছ ধরার উপযুক্ত না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন কাউকে বিলে নামতে দেয় না। একটা নির্দিষ্ট দিনে মৎস্যজীবীদের জন্য বিল উন্মুক্ত ঘোষণা করা হয়। সেদিন বিলের ধারে গোলাপাড়া মাঠে মাছ মেলার আয়োজন করা হয়।সকালে মেলায় গিয়ে দেখা যায়, ২০টি আড়ত বসানো হয়েছে। জেলেরা মাছ ধরে নিয়ে এসে আড়তে ফেলছেন। সেখানে নিলামে খুচরা বিক্রেতারা মাছ কিনে নিয়ে মেলায় বিক্রি করছেন। রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে মৎস্যপ্রেমীরা মাইক্রোবাস-মোটরসাইকেল নিয়ে মাছ কিনতে মেলায় ভিড় করছেন। মাঠের একাংশের এলাকাজুড়ে রয়েছে তাঁদের ওই সব গাড়ি।