তানোরে সাংবাদিকের বাড়িতে পুলিশের হামলা ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলায় গত বৃহস্পতিবার স্থানীয় এক সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালেই জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে ওসিকে প্রত্যাহারের চিঠি পাঠানো হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় একটি পত্রিকায় গত বুধবার জেলার বিভিন্ন থানার চালচিত্র নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি ইমরান হোসাইনকে থানায় ডেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক সরকার মারধর ও লাঞ্ছিত করেন। পরে ওসি স্থানীয় এক মুঠোফোনের দোকানদারকে বাদী করে ওই দিন রাতেই সাংবাদিক ইমরান হোসাইনের নামে ২০ হাজার টাকার চাঁদাবাজির মামলা করান।এ মামলার সূত্র ধরে ওই দিন রাতে উপপরিদর্শক (্এসআই) সোলাইমান কয়েকজন পুলিশসহ তানোর পৌর এলাকার চাঁদপুর মহল্লায় ইমরানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। ইমরানের স্ত্রী তহমিনা ইয়াসমিন বলেন, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এসআই সোলাইমান কয়েকজন পুলিশকে নিয়ে তাঁদের বাড়িতে এসে ইমরানকে খোঁজাখুঁজি করেন। ইমরান বাড়িতে না থাকায়তাঁরা ঘরের আসবাবপত্র তছনছ করেন।পত্রিকায় প্রতিবেদন প্রকাশের কারণে জেলার দুর্গাপুর, বাগমারা, বাঘা ও পুঠিয়া উপজেলা প্রতিনিধিদেরও পুলিশের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এদিকে সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন ও রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাংবাদিক নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা অবিলম্বে তদন্ত সাপেক্ষে ওই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ সুপার এস এম রোকন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি বলেন, প্রশাসনিক কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক সরকার দাবি করেন, চাঁদাবাজির মামলার ঘটনায় পুলিশ সাংবাদিকের বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে চলে এসেছে। তাঁকে প্রত্যাহারের বিষয়টি তিনি এক সহকর্মীর কাছ থেকে শুনেছেন।