তানোরে সড়কবিহীন সেতু পড়ে আছে ১১ বছর
রাজশাহীর তানোর উপজেলায় একটি সেতু নির্মাণের পর ১১ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কারণ, সেতুটির সংযোগ কোনো সড়ক নেই। সেতুটি নির্মাণ করে সরকারি অর্থ অপচয়ের অভিযোগে মামলাও হয়েছিল। এখন এ রকম আরও পাঁচটি সেতু নির্মাণ করা হচ্ছে।
২০০৬ সালের ১৫ মার্চ তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আমিনুল হক তানোরের চান্দুড়িয়া-মৌগাছি রাস্তার চান্দুড়িয়া খালের ওপর ৩৭ দশমিক ৫০ মিটার লম্বা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। এটি নির্মাণে প্রায় ১৭ লাখ টাকা ব্যয় হয়। সেতুটির কোনো পাশে রাস্তা নেই। পূর্ব পাশে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি বাঁধ। আর পশ্চিমে আছে চান্দুড়িয়া গ্রাম। প্রায় আধা কিলোমিটার ধানখেত মাড়িয়ে সেখানে যেতে হয়।
গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান মফিজ উদ্দিন এবং বিএনপিদলীয় সাংসদ ও মন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তত্ত্বাবধায়ক সরকারের সময়েই দুদক ওই মামলার অভিযোগপত্র দেয়।
আদালত সূত্রে জানা গেছে, আমিনুল হক হাইকোর্টে মিস মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। ২০১১ সালের ৭ এপ্রিল হাইকোর্টের এই আদেশে আমিনুল হকের পক্ষে এই মামলার রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।
মফিজ উদ্দিনও একইভাবে এই মামলার বিরুদ্ধে হাইকোর্টে মিস মামলা করেছিলেন। পরে মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে। কারও সাজা হয়নি। সেতুটি নিয়ে ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এবার তানোরে ‘গ্রামীণ রাস্তায় কমবেশি ১৫ মিটার সেতু নির্মাণ প্রকল্পে’র আওতায় ছয়টি সেতু নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে পাঁচটি সেতুরই সংযোগ সড়ক নেই। সেতুগুলোর ৩০০ মিটার থেকে আড়াই কিলোমিটার দূরে রাস্তা রয়েছে। এখন ধানখেত, মাঠ ও বন বিভাগের গাছ কেটে এই সংযোগ সড়ক নির্মাণ করতে হবে। কিন্তু এ জন্য এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। স্থানীয় লোকজনও তাঁদের খেতের ওপর দিয়ে রাস্তা তৈরি করতে আপত্তি জানাচ্ছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার চারটি ইউপির ছয়টি খাঁড়ির (খাল) ওপরে ছয়টি সেতু নির্মাণের তালিকা প্রস্তুত করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠানো হয়। তালিকা মোতাবেক নকশা অনুমোদন করা হয়। গত বছরের ৫ অক্টোবর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে দরপত্র আহ্বান করা হয়। এতে ব্যয় ধরা হয় ২ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৬৮৯ টাকা। ২৯ জানুয়ারি সেতুগুলো নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার বাঁধাইড় ইউপির গাল্লা প্রকাশ নগর খাঁড়ির ওপরে একটি সেতুর নির্মাণকাজ চলছে। এর দৈর্ঘ্য ৬০ ফুট। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৬ লাখ ৮৯ হাজার ১০৬ টাকা। এই সেতুর সামনে বিস্তৃত ধানখেত। সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে গাল্লা গ্রাম। সেতুটি ব্যবহার করতে হলে ওই গ্রাম পর্যন্ত সড়ক নির্মাণ করতে হবে। এ জন্য কৃষকের জমি অধিগ্রহণ করতে হবে।
জানতে চাইলে গাল্লা গ্রামের কৃষক আবদুল হাকিম বলেন, তাঁর নিজের ও ভাইদের ১২ বিঘা জমি রয়েছে। রাস্তা করতে হলে তাঁদের জমি ব্যবহার করতে হবে। তাঁরা কিছুতেই তা করতে দেবেন না। তিনি আরও বলেন, পাশেই একটি সেতু আছে। নতুন সেতুটি জনগণের কোনো কাজেই আসবে না। এ জন্য তাঁদের আবাদি জমি তাঁরা নষ্ট করতে দেবেন না।
একই পরিমাণ ব্যয়ে উপজেলার কলমা ইউপির বলদিপাড়া মোয়াতলা খাঁড়ির ওপর আরেকটি সেতু নির্মাণ করা হচ্ছে। এই সেতুর সামনে ৩০০ মিটার এলাকাজুড়ে বন বিভাগের গাছ রয়েছে। কোনো রাস্তা নেই।
একই ইউপির বংশীধরপুর খড়খড়িঘাট খাঁড়ির ওপর ৩০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হচ্ছে। ব্যয় ধরা হয়েছে ২৪ লাখ ৬৮ হাজার ৯১৫ টাকা। এই সেতুর সামনে মাঠ রয়েছে। প্রায় ৩০০ মিটার দূরে রয়েছে রাস্তা।
উপজেলার পাঁচন্দর ইউপির বনকেশর মরাপাড়া খাঁড়ির ওপর নির্মাণ করা হচ্ছে ৪০ ফুট সেতু দৈর্ঘ্যের সেতু। এতে ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা। এই সেতু থেকে তিন কিলোমিটার দূরে বানিয়াল গ্রাম। এই গ্রামে যাওয়ার কোনো রাস্তা নেই। শুধুই ধানখেত।
একই পরিমাণ ব্যয়ে উপজেলার সরনজাই ইউপির কাজিজিয়া খাঁড়ির ওপর সেতু নির্মাণ করা হচ্ছে। সেখানেও সেতুর কাছে কোনো রাস্তা নেই। সামনে শুধু মাঠ। নতুন করে অন্তত ৩০০ মিটার রাস্তা নির্মাণ করতে হবে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শওকাত আলী বলেন, গত বছর আগস্টে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়। তখন তানোরে অন্য ইউএনও ছিলেন। তবে তাতেও সমস্যা নেই। নির্মাণাধীন সেতুর সামনে বাস্তবে ধানখেত থাকলেও রেকর্ডে রাস্তা রয়েছে। দ্বিতীয় পর্যায়ের অর্থ বরাদ্দ পেলে রাস্তা হয়ে যাবে।