তানোরে ১৪৪ ধারা জারি
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোরে বিএনপির দুটি পক্ষ একই স্থানে সভা আহ্বান করায় প্রশাসন গতকাল বুধবার ১৪৪ ধারা জারি করে।তানোর উপজেলা চত্বর ও ডাকবাংলো এলাকায় সভা করতে না পেরে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্লার অনুসারীরা পার্শ্ববর্তী একটি এলাকায় তাঁদের নির্ধারিত কর্মসূচি পালন করেন। তবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুণ্ডুমালা পৌরসভার মেয়র শিশ মোহাম্মদের অনুসারীরা কোনো কর্মসূচি পালন করেননি।উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাঁরা এক মাস আগে থেকে কর্মসূচি গ্রহণ করেছেন। হঠাৎ করে গত মঙ্গলবার যুবদলের কমিটিতে জায়গা না পাওয়া শিশ মোহাম্মদের অনুসারীরা মাইকিং করে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দেন। তাঁদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক উপস্থিত থাকবেন বলে জানান। আসলে বিভ্রান্তি ছড়ানোর জন্য তাঁরা মাইকিং করেন বলে মন্তব্য করেন মিজানুর রহমান।মিজানুর রহমান আরও বলেন, উপজেলা চত্বর ও ডাকবাংলো এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় তাঁরা উপজেলার গোল্লাপাড়া বাজারে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করেন। এতে তিনি নিজে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য দেন এমরান আলী মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বিশ্বনাথ সরকার, সাধারণ সম্পাদক আরশাদ আলী প্রমুখ।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল সরকার বলেন, একই স্থানে দুই পক্ষ অনুষ্ঠানের ডাক দেয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করে।এ ব্যাপারে চেষ্টা করেও শিশ মোহাম্মদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।