তানোরের ইউএনওকেবদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টেস্ট রিলিফ বা টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দকৃত চাল বিক্রি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) লাগানোর প্রকল্প বাতিল করা হয়েছে।

ওই ইউএনওকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল রোববার বিকেলে তাঁর নতুন কার্যালয়ে যোগদান করার কথা ছিল। তানোর উপজেলায় ২০১২-১৩ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের টিআর কর্মসূচির ২৩ দশমিক ২২৪ মেট্রিক টন চাল সরকারি নীতিমালা অমান্য করে ইউএনও এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তরের জন্য ছয়টি প্রকল্প দেখানো হয়।

ইউএনওর জিপগাড়িতে এসি সংযোজন, পিআইওর কার্যালয়ের ফ্যাক্স, স্ট্যাবিলাইজার, প্রিন্টার ও ইউপিএস কেনার জন্য টিআরের বরাদ্দ দেওয়া হয়। এ নিয়ে গত ২১ এপ্রিল প্রথম আলোতে ‘চাল বেচে ইউএনওর গাড়িতে এসি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরের দিন প্রশাসনে তোলপাড় শুরু হয়। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার বিভাগ) এম এ মান্নানকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইউএনওকে তাঁর প্রয়োজনীয় কাগজপত্রসহ রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়। কমিটি অভিযোগগুলো তদন্ত করে বিভাগীয় কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এর ভিত্তিতে প্রকল্পগুলো বাতিল করা হয় এবং ইউএনওকে ভোলাহাট উপজেলায় বদলি করা হয়।

জানতে চাইলে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহাম্মেদ বলেন, ইউএনও আসলে ওই চাল আত্মসাৎ করেননি। তাঁকে হয়তো কেউ গাড়িতে এসি লাগাতে উৎসাহিত করেছেন। আর প্রকল্পটিও উপজেলা পরিষদসহ বিভিন্ন পর্যায়ে অনুমোদিত হয়েছে। ইউএনও একাই করেননি। তার পরও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রকল্পগুলো বাতিল করে জনবান্ধব প্রকল্প গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।