দাবদাহে তপ্ত দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রায় সব এলাকায় তাপমাত্রা বেড়ে গেছে। এই সময়ে তৃষ্ণা মেটাতে তৎপর সবাই। ছবিটি গতকাল মঙ্গলবার রাজধানীর গুলিস্তান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
দেশের প্রায় সব এলাকায় তাপমাত্রা বেড়ে গেছে। এই সময়ে তৃষ্ণা মেটাতে তৎপর সবাই। ছবিটি গতকাল মঙ্গলবার রাজধানীর গুলিস্তান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

মাস খানেক আগেও রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে ডাবভর্তি ঝুড়ি নিয়ে অলস সময় পার করতেন বিক্রেতা আবুল কাশেম। তখন বেচাকেনা ছিল হাতেগোনা। হাঁকডাক আর দাম কমিয়ে কোনোমতে চালান তুলতেন তিনি। তবে দিন বদলেছে। এখন ৩০ টাকার নিচে একটি ডাব বেচেন না তিনি।

দিন বদলের রহস্য কী? দাঁত বের করে হাসতে হাসতে ডাব-বিক্রেতা কাশেম বলেন, ‘ভাই, গরম পড়ছে না। মাইনষে ডাব খাইব না তো খাইব কী? ’

কাশেমের পাশেই বিরামহীন হাত চলছে হোসেন আলীর। কেটে-ছিলে খিরাইয়ে লবণ লাগান তিনি। একেকটি খিরাই বেচেন পাঁচ টাকায়। তাঁর কাছ থেকে একটি খিরাই কিনে ঘাম-চপচপে হাতে নিয়ে খাচ্ছিলেন রিকশাচালক জাকির হোসেন। তিনি বলেন, ‘শরীরডা পুইড়া যাইতাছে। খিরাই খাইয়া একটু ঠান্ডা হই। অহনই এই অবস্থা। সামনে তো বৈশাখ মাস পইড়াই রইছে! ’

পাসপোর্ট অফিসের কাছে আবহাওয়া অধিদপ্তর। ঠান্ডা-গরমের সব খবর আছে সেখানে। সেখান থেকে পাওয়া তথ্যে জানা যায়, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, খুলনা, পটুয়াখালী, রাঙামাটি, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর ও সিলেটের ওপর দিয়ে আজ বুধবার মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মাত্র একদিনের ব্যবধানে দেশের প্রায় সব এলাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। তবে দাবদাহে বেশি তপ্ত উত্তরের জেলা রাজশাহী। গতকাল মঙ্গলবার সেখানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

চৈত্রের উষ্ণতায় রাজধানী ঢাকার অধিবাসীদেরও গা পুড়ছে। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকায় তাপমাত্রা বেড়ে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে হয়েছে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বরিশালে ৩৪ দশমিক ৮, খুলনায় ৩৬, সিলেটে ৩৬ দশমিক ৭, রংপুরে ৩৫ দশমিক ২ ও চট্টগ্রামে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

উষ্ণতার এই সময়েও বৃষ্টি মুখ লুকিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও একফোঁটা বৃষ্টি হয়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২১ মার্চ সবশেষ বৃষ্টি হয়েছিল চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায়।

শুধু কী তাই, চৈত্র মাসের মাঝামাঝি সময় চলে এলেও ঝড়ের দেখা নেই। তবে আবহাওয়া অধিদপ্তর ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে। আজ কয়েকটি এলাকায় অল্পস্বল্প বৃষ্টি হতে পারে। এতে তাপ খানিকটা কমতে পারে।

তাপ কমার কথা শুনে হাঁপ ছাড়ার উপায় নেই। সামনে আরও গরম পড়বে বলেই সতর্ক করেছেন আবহাওয়াবিদ। এপ্রিলকে দেশের উষ্ণতম মাস উল্লেখ করে আবহাওয়াবিদ মো. রাশেদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এ মাসে হয়তো তাপমাত্রা আর বাড়বে না। তবে এপ্রিল মাসে বেশ কয়েকটি দাবদাহ বয়ে যেতে পারে। তাই সামনে আরও গরম পড়বে।’