তাপপ্রবাহ চলতে পারে আরও দুই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিহীন চৈত্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণিকূল। এই অবস্থা থেকে সহসা মুক্তি মিলছে না রাজধানীসহ দেশের কোনো এলাকার অধিবাসীদের। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চলমান তাপপ্রবাহ আরও দুই-এক দিন চলতে পারে। এ সময় অঞ্চলভেদে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মার্চের শেষ কটা দিন, এপ্রিল ও মে মাসের বেশির ভাগ সময়জুড়ে থেমে থেমে তাপপ্রবাহ চলতে পারে বলেও আবহাওয়াবিদেরা জানান। তাপপ্রবাহের ফলে সৃষ্ট প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞরা বেশি করে পানি, লেবুর শরবত ও গ্রীস্মকালীন দেশি ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন। আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ২০০৬ সালের পর দেশে মার্চ মাসের চলতি সপ্তাহে গড় তাপমাত্রা সবচেয়ে বেশি। তাপপ্রবাহের এলাকার বিস্তৃতিও এবার বেশি। রাজশাহী, দিনাজপুর, সৈয়দপুর, ঈশ্বরদী, যশোর, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় যে তাপপ্রবাহ চলছে, তা আজও বজায় থাকবে। গতকাল বুধবার রাজশাহীর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। গত দুই দিনে রজধানীর গড় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কিছুটা বেশি ছিল। ঈশ্বরদী ও চুয়াডাঙ্গার তাপমাত্রাও ৩৯ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে এ সপ্তাহে। আবহাওয়াবিদেরা বলছেন, এপ্রিল-মে এই দুই মাস তাপমাত্রা বাড়ার হার অব্যাহত থাকবে। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের গবেষক সুজিত্ কুমার দেবশর্মা প্রথম আলোকে বলেন, দেশের যেসব এলাকায় বেলে মাটির পরিমাণ বেশি, সেখানে তাপমাত্রা অন্য এলাকার চেয়ে দ্রুত বাড়ছে। ফলে গরমের প্রভাবও ওই অঞ্চলগুলোতে বেশি।