তাপপ্রবাহ চলবে, দু-এক দিনে বৃষ্টির পূর্বাভাস নেই
ফাল্গুন ও চৈত্রের ধারাবাহিকতায় এ বছর বৈশাখেও চলেছে টানা বৃষ্টিহীনতা। দেশের প্রায় সর্বত্র চলছে তাপপ্রবাহ। দু-এক দিনে বৃষ্টি হবে এমন পূর্বাভাসও দিতে পারছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, একমাত্র সিলেট বিভাগের দু-এক জায়গা ছাড়া দেশের সর্বত্র আবহাওয়া আজ-কালও শুষ্কই থাকবে।
গত ফাল্গুন থেকে এখন পর্যন্ত সারা দেশে গড় বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের তুলনায় কম। ফলে খরতাপ পুঞ্জীভূত হতে হতে তা মানুষসহ প্রাণিকুলের জন্য এখন অসহনীয় হয়ে উঠেছে।
একদিকে সপ্তাহের পর সপ্তাহ বৃষ্টি নেই, অন্যদিকে সূর্যরশ্মি এখন তির্যকভাবে পড়ছে ভূগোলকের বাংলাদেশ অঞ্চলে। তা ছাড়া, সূর্যের কিরণকাল অর্থাৎ দিনের দৈর্ঘ্যও বাড়ছে, যা নিয়ম অনুযায়ী ২১ জুন পর্যন্ত বাড়বে। ফলে দিনের তাপমাত্রা হয়ে উঠেছে অসহনীয়। দিন ও রাতের তাপমাত্রার মধ্যে ব্যবধানও গেছে কমে। আক্ষরিক অর্থেই রুদ্ররূপ ধারণ করেছে বৈশাখ।
আবহাওয়া অফিসের সূত্র জানায়, পাবনা ও সিলেট অঞ্চল এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের যে তাপপ্রবাহ কয়েক দিন ধরে বয়ে চলেছে, তা আজ-কালও অব্যাহত থাকবে। দিন ও রাতের মাপমাত্রাও থাকবে অপরিবর্তিত।
আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ্ আলম প্রথম আলোকে বলেন, শুষ্ক মৌসুমের প্রায় শুরু থেকেই কালবৈশাখী ও বৃষ্টি কম। এ মাসেও তা কমই থাকবে। তাই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। কোথাও কোথাও এখন তা ৫-৬ ডিগ্রি পর্যন্ত বেশি। প্রসঙ্গক্রমে তিনি বলেন, আজকাল অনেকে মোবাইল ফোনের সেটে তাপমাত্রা দেখেন। তাতে একটি নির্দিষ্ট স্থানের ওই সময়ের সূর্যের তাপ দেখা যায়। তার সঙ্গে আবহাওয়ার প্রকৃত তাপমাত্রার কোনো মিল নেই।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, এ বছর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই থাকবে। এখন যে তাপপ্রবাহ চলছে, তাতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। এরপর আরেকটি তাপপ্রবাহ আসবে। তখন তাপমাত্রা আরও বেশি হতে পারে। কোনো কোনো বছর এ রকম হতে পারে। এটা অস্বাভাবিক নয়।
অন্য কয়েকজন আবহাওয়াবিদ বলেন, এই সময়ে বাংলাদেশের আবহাওয়ামণ্ডলে উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের সঙ্গে পুবালি হওয়ার সংমিশ্রণে বৃষ্টি হয়ে থাকে। এবার উত্তর-পশ্চিমের বাতাসের প্রবাহ ক্ষীণ। ফলে বৃষ্টি নেই। বৃষ্টি হলেই তাপমাত্রা কমবে। আবার তা বাড়তে থাকবে। বর্ষা না আসা পর্যন্ত এভাবেই চলবে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঢাকায় গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি। এ ছাড়া বরিশালে ৩৭ দশমিক ৬; সিলেটে ৩৬ দশমিক ৫; রাজশাহীতে ৩৫ দশমিক ৭; রংপুরে ৩৪ দশমিক ৩ এবং চট্টগ্রামে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল।