সুন্দরবন-সংলগ্ন বাগেরহাটের রামপাল উপজেলায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নামের একটি সংগঠন।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিজ্ঞান আন্দোলন মঞ্চ জেলা শাখার উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়। এ সময় মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবিব, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি মনীষা চক্রবর্ত্তী, বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক দীপ্ত ঘোষ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা ২৪-২৮ সেপ্টেম্বরের তেল, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা লংমার্চ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, সুন্দরবনের পাশে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে প্রতিবছর সাড়ে নয় লাখ মেট্রিক টন ছাই উৎপাদিত হবে, যা সুন্দরবনসহ এ অঞ্চলের পরিবেশ ধ্বংস করবে। তা ছাড়া বনের ভেতর দিয়ে কয়লা পরিবহন করা হলে কয়লার গুঁড়ো বাতাস ও পানিতে মিলে দূষণ ঘটাবে। রাতে জাহাজ চলাচলের সময় জাহাজের সার্চ লাইটের আলোয় নিশাচর প্রাণীসহ সংরক্ষিত বনাঞ্চল সুন্দরবনের পশুপাখির জীবনচক্রের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে।