তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নের মাঝখানে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।এলাকাবাসীর পক্ষে স্থানীয় জনপ্রতিনিধিরা গত মঙ্গলবার মহেশখালীর ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়টি স্থগিত রাখার জন্য স্মারকলিপি দিয়েছেন।স্মারকলিপিতে বলা হয়, প্রস্তাবিত তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে তা এ এলাকার প্রাকৃতিক পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। পাশাপাশি এই এলাকা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। এলাকার মৎস্য, লবণ ও কৃষিশিল্পের পরিবেশও বিপর্যয়ের সম্মুখীন হবে বলে উল্লেখ করা হয়। এ কারণে প্রায় ৫০ হাজার মানুষ বেকার হয়ে পড়বে বলে জানানো হয়েছে।মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, এক হাজার ২০০ একর জমি অধিগ্রহণ করে এই তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনাটি এলাকায় কোনো দিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না।এ প্রসঙ্গে জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের প্রথম আলোকে বলেন, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনাটি স্থগিত রাখার বিষয়ে দেওয়া স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।