বাগেরহাটের রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে সুন্দরবন মারাত্মক ক্ষতির মুখে পড়বে। বনভূমি ছাড়াও ওই অঞ্চলের কৃষি, মাছ চাষ, পানি, বায়ুসহ সার্বিক পরিবেশের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। তাই এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া এখনই বন্ধ করা উচিত। গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এ সংক্রান্ত এক গবেষণা প্রতিবেদন প্রকাশের সময় গবেষকসহ বিশিষ্টজনেরা এ কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) আটটি সংগঠন যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাপার সভাপতি এ এস এম শাহজাহান বলেন, ‘কিছু সংকট অনেক বেশি সমস্যার জন্ম দেয়। তাই আশা করব, সরকার সুন্দরবন এলাকায় তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা পুনর্বিবেচনা করবে।’গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের শিক্ষক এম আবদুল্লাহ হারুন চৌধুরী। তিনি বলেন, এই তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে এর চারদিকের বিশাল এলাকার জমি, পশুর নদীসহ অন্যান্য নদী-খাল-জলাশয় ও বাতাস; কয়লা, গুড়া, মারাত্মক রাসায়নিক বর্জ্য ও প্রচণ্ড গরম পানি দিয়ে দূষিত হবে। এর ফলে সুন্দরবনের গাছপালাসহ জীববৈচিত্র্য মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হবে। আর তা হলে লাভের চেয়ে ক্ষতির পরিমাণ হবে কয়েক গুণ বেশি। গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত এই গবেষণা চালানো হয় বলে জানানো হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘যে প্রকল্প ভারতের মাটিতে হওয়ার অনুমোদন পায় না, সেই একই প্রকল্প কেন বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে না? বাংলাদেশের সরকারের দায়িত্ব কি দেশের স্বার্থ না দেখে ভারতের স্বার্থ দেখা?’ বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান এই প্রকল্পের চুক্তিপত্র চেয়েও না পাওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘সন্দেহ হয় এই প্রকল্প বাংলাদেশের জন্য অনুকূল নয়। সরকারের উচিত হবে চুক্তিপত্র জনসমক্ষে প্রকাশ করা।’ সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, পানি বিশেষজ্ঞ ইনামুল হক, বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন প্রমুখ।