রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র হলে লাভবান হবে ভারত আর ধ্বংস হবে সুন্দরবন। গতকাল মঙ্গলবার রাজধানীতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সমাবেশে এ কথা বলা হয়েছে। সমাবেশে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান প্রতিষ্ঠান বাপেক্স সম্পর্কে অর্থমন্ত্রীর নেতিবাচক মন্তব্যের সমালোচনা করা হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় কমিটির নেতারা বিতর্কিত ফুলবাড়ী কয়লাখনি এবং রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল করার আহ্বান জানান। তাঁরা বলেন, সরকার ‘গণবিরোধী’ এই দুই প্রকল্প থেকে না সরলে ২৮ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং পরবর্তী সময়ে লংমার্চ, ঘেরাও, অবরোধসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হবে। সম্প্রতি একটি অনুষ্ঠানে বাপেক্সকে অর্থমন্ত্রীর ‘অকার্যকর সংস্থা’ ও ‘স্টুপিড’ বলার নিন্দা করেন জাতীয় কমিটির নেতারা। তাঁরা বলেন, এই সংস্থাটির বিশেষজ্ঞ ও কর্মচারীরা সাফল্যের দিকে যাচ্ছেন। কিন্তু একে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হচ্ছে না। অথচ মন্ত্রীদের বিদেশ ভ্রমণের ভাতা বাড়ানো হচ্ছে। জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে ইউনিটপ্রতি আট টাকা লাগবে। এতে লাভবান হবে ভারত আর ধ্বংস হবে সুন্দরবন। এই লুটপাট ঠেকাতে হবে।’ সমাবেশে আরও বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির নেতা বিমল বিশ্বাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের নেতা বজলুর রশিদ ফিরোজ, বাম নেতা মোশরেফা মিশু ও জোনায়েদ সাকি।