তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ এক মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিটটি এক মাস ধরে বন্ধ রয়েছে। অপর ইউনিটটিও যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। ২৫০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকায় বর্তমানে উৎপাদিত হচ্ছে ৬০-৬৫ মেগাওয়াট বিদ্যুৎ। কবে নাগাদ ত্রুটিপূর্ণ ইউনিটটি চালু হবে, কর্তৃপক্ষ তা বলতে পারছে না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রের ২৫০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার দুটি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এক নম্বর ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গত ২ সেপ্টেম্বর রাত সাড়ে তিনটায় তা বন্ধ করে দেওয়া হয়। তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল হক জানান, বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসির বিশেষজ্ঞ প্রকৌশলী ছুটিতে থাকায় ইউনিটটি মেরামত করা সম্ভব হচ্ছে না। তিনি জানান, চলতি মাসের শেষে কিংবা নভেম্বরের প্রথমার্ধে চীন থেকে বিশেষজ্ঞ প্রকৌশলী আসার সম্ভাবনা রয়েছে। তাই কবে নাগাদ ইউনিটটি চালু করা সম্ভব হবে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। প্রধান প্রকৌশলী আরও বলেন, দুই নম্বর ইউনিটটিতেও যান্ত্রিক ত্রুটি রয়েছে। ফলে পূর্ণ ক্ষমতায় ইউনিটটি চালানো যাচ্ছে না। বর্তমানে ইউনিটটিতে দৈনিক ৬০-৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে তিনি জানান।