তাপমাত্রা কিছুটা কমেছে, আরও দুদিন বৃষ্টির সম্ভাবনা কম
সারা দেশে চলমান দাবদাহের মধ্যেই গতকাল তাপমাত্রা কিছুটা কমেছে। আগের দিনের তুলনায় গতকাল বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। কিন্তু আগামী শনিবারের আগে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর জানায়, গতকাল তাপমাত্রা কিছুটা কমলেও দেশের উত্তর, মধ্য ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে চলেছে। এসব অঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।
গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায়, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় গরমের তীব্রতা কিছুটা কমেছে। সঙ্গে বাতাসের প্রবাহও কিছুটা বেড়েছে। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ৩৭ ডিগ্রি। তবে বাতাসে আর্দ্রতা তেমন না কমায় অস্বস্তিকর গরম দূর হয়নি।
ঢাকার মতো দেশের অন্যান্য বিভাগীয় শহরেও গতকাল গরম সামান্য কম ছিল। এদিন রাজশাহী ও রংপুরে ৩৬, ময়মনসিংহে ৩৪.২, চট্টগ্রামে ৩৫, সিলেটে ৩১.১, খুলনায় ৩৭.২ এবং বরিশালে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা দাবদাহ আজও অব্যাহত থাকবে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ ছাড়া সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অবশ্য গতকাল সিলেট ও শ্রীমঙ্গলে বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ শাহ আলম প্রথম আলোকে বলেন, দেশের উষ্ণতম মাস এপ্রিলের শেষ সপ্তাহে ও মে মাসের প্রথম দিকে প্রচণ্ড দাবদাহ বয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তখন প্রচুর বৃষ্টি হওয়ায় গরম বেশি পড়েনি।