তাপমাত্রা বেড়েই চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচণ্ড গরমে আঁজলা ভরে পানি পান করছেন তৃষ্ণার্ত কৃষক। ছবিটি রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের মাধবপুর গ্রামের মাঠ থেকে গতকাল দুপুরে তোলা । মঈনুল ইসলাম
প্রচণ্ড গরমে আঁজলা ভরে পানি পান করছেন তৃষ্ণার্ত কৃষক। ছবিটি রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের মাধবপুর গ্রামের মাঠ থেকে গতকাল দুপুরে তোলা । মঈনুল ইসলাম

বৃষ্টির শীতল পরশে কখন জুড়াবে রুদ্র বৈশাখের খরতাপদগ্ধ আবহাওয়া, সে বিষয়ে নিশ্চিত নন আবহাওয়া বিজ্ঞানীরা। কারণ গত মার্চ মাস থেকে দেশে বৃষ্টি হচ্ছে খুবই কম। এপ্রিলে তা আরও কমেছে। পাশাপাশি তাপমাত্রা বেড়ে চলেছে ক্রমাগতভাবে।
মার্চ ও এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেখানে গতকাল রোববার সন্ধ্যায় কর্তব্যরত একজন আবহাওয়াবিদ বলেন, বৃষ্টি কবে হবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। হতে পারে আজও। কিংবা না-ও হতে পারে আরও দুই দিন। তবে আকাশে মেঘের আনাগোনায় তাপমাত্রা এ যাত্রায় আর না-ও বাড়তে পারে।
অবশ্য তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রাঙামাটিতে। ঢাকায় শনিবারের চেয়ে দশমিক ৮ ডিগ্রি বেড়ে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৩৮ দশমিক ৫ ডিগ্রিতে।
আবহাওয়াবিদেরা বলছেন, এই তাপমাত্রায়ও সমস্যা হতো না, যদি এই সময়ে আবহাওয়ার স্বাভাবিক প্রকৃতি অনুযায়ী মাঝেমধ্যে বৃষ্টি হতো। কিন্তু তা না হওয়ায় ভূপৃষ্ঠে ক্রমপুঞ্জীভূত তাপ গরমের অনুভূতি অনেক বেশি বাড়িয়ে দিয়েছে।
এই অবস্থায় প্রচণ্ড গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দিনের বেলা স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। জরুরি দরকার ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। শ্রমজীবী মানুষের কষ্ট হয়ে উঠেছে অসহনীয়। এখন সবার একান্ত কামনা বৃষ্টি।
কিন্তু প্রকৃতিতে বৃষ্টির কোনো লক্ষণ দেখছেন না আবহাওয়াবিদেরা। বাংলাদেশ অঞ্চলে প্রাক বর্ষা এই মৌসুমে বৃষ্টি হয় পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণে। একটি লঘুচাপ সৃষ্টি হয়েও অত্যন্ত ক্ষীণ অবস্থায় মিলিয়ে গেছে।
এ কারণে মার্চ মাসে সারা দেশে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তৃলনায় এক-তৃতীয়াংশ (৩৪ শতাংশ)। এপ্রিল মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাত ১৪৭ মিলিমিটার। কিন্তু মাসের ২০ দিন কেটে গেলেও আবহাওয়া অধিদপ্তর সারা দেশে গড় বৃষ্টিপাত রেকর্ড করেছে মাত্র ৬২ মিলিমিটার। ঢাকায় সর্বশেষ কালবৈশাখী ও বজ্রবৃষ্টি হয়েছে গত ২৫ মার্চ। তার পর থেকে এখন পর্যন্ত আর কোনো উল্লেখযোগ্য বৃষ্টি ঢাকা অঞ্চলে হয়নি। দেশের অন্য কোনো স্থানেও হওয়ার খবর পাওয়া যায়নি।
এই আবহাওয়া পরিস্থিতি বিদ্যুত্, জ্বালানি ও শহর-নগরে পানি সরবরাহের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। কয়েক দিন ধরে ঢাকার কয়েকটি এলাকাসহ দেশের অনেক স্থানে একাধিকবার লোডশেডিং ও বিদ্যুিবভ্রাট হচ্ছে বলে খবর পাওয়া গেছে। অবশ্য খোঁজ নিয়ে জানা গেছে, এই সময়ে বিদ্যুত্ ও পানির উত্পাদন চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণই আছে।
চলমান আবহাওয়া পরিস্থিতি মানুষের জন্য কিছু বিশেষ শারীরিক সমস্যা সৃষ্টি করছে। সর্দি-কাশি, জ্বর, জলবসন্ত, ডায়রিয়া প্রভৃতি এই সময়ের অস্বস্তিকর রোগবালাই। হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে।