তাপস হত্যা মামলায় অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ছাত্র তাপস সরকার হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেল চারটার দিকে চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে এজাহারভুক্ত ৩০ আসামির মধ্যে রূপম বিশ্বাসকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। 

২০১৪ সালের ১৪ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাপস সরকার খুন হন। আহত হন আরও পাঁচ ছাত্র। এ ঘটনায় ১৭ ডিসেম্বর তাপসের সহপাঠী হাফিজুল ইসলাম হাটহাজারী থানায় হত্যা মামলা করেন। এতে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
পিবিআই সূত্র জানায়, তাপস হত্যা মামলার মূল অভিযুক্ত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সংস্কৃতিবিষয়ক উপসম্পাদক আশরাফুজ্জামান আশা। তাঁর গুলিতে তাপস নিহত হন বলে অভিযোগপত্রে বলা হয়। বাকি ২৮ আসামির মধ্যে তিনজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহযোগিতা এবং ২৫ জনের বিরুদ্ধে বেআইনিভাবে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ ও আতঙ্ক ছড়ানোর অভিযোগ আনা হয়। এঁদের মধ্যে আশরাফুজ্জামানসহ ১৫ আসামি পলাতক। বাকি ১৪ আসামি জামিনে আছেন।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা পিআইবির পরিদর্শক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তাপস খুনের ঘটনায় এজাহারভুক্ত ৩০ জনের মধ্যে ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
এজাহারভুক্ত আসামি রূপমকে অব্যাহতি দেওয়ার আবেদন প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা বলেন, রূপম ঘটনার দিন বেনাপোল সীমান্ত দিয়ে ভারত সফরে যাচ্ছিলেন। তাই যাচাইবাছাই করে তাঁকে অব্যাহতির আবেদন করা হয়েছে।