চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী তাপস সরকার হত্যার বিচার ও তাঁর পরিবারকে সহায়তা দেওয়ার দাবিতে ক্যাম্পাসে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বির অনুসারীরা এ কর্মসূচির আয়োজন করেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘তাপস প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছিল নিজ মেধার জোরে। তার স্বপ্ন ছিল দরিদ্র বাবা-মায়ের মুখে হাসি ফোটাবে। কিন্তু ঘাতকের একটি বুলেটে তার মৃত্যু ঘটে। এতে তার ও তার পরিবারের স্বপ্নের ঘটে অপমৃত্যু।’ তাপস হত্যার দুই বছর পূর্ণ হয়েছে। কিন্তু মূল আসামিকে আজও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।
২০১৪ সালের ১৪ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) এবং সিএফসির (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার, বর্তমানে বিজয়) নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ওই দিন বেলা সাড়ে ১১টায় শাহজালাল ও শাহ আমানত হল এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুলিতে প্রাণ হারান তাপস সরকার।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সহসভাপতি রেজাউল হক, নুরুজ্জামান, আল আমিন, নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাশেদুজ্জামান, মো. বায়েজিদ মিয়া প্রমুখ।