তাপস সরকার খুনের সুষ্ঠু বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগের একাংশ। গতকাল শনিবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরের সামনে এই কর্মসূচি পালন করেন ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘বিজয়’ পক্ষের নেতা-কর্মীরা। নিহত তাপস সরকার এই পক্ষের কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটায় বিজয় পক্ষের প্রায় ৫০ জন নেতা-কর্মী তাপস হত্যার বিচারের দাবি-সংবলিত ফেস্টুন হাতে শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন। পরে সমাবেশে নেতা-কর্মীরা বলেন, তাপস হত্যার ছয় মাস পরেও প্রতিক্রিয়াশীল চক্রের ষড়যন্ত্র থেমে নেই। এই হত্যাকাণ্ডের প্রকৃত সত্য ধামাচাপা দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে ওই চক্র। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিজয় পক্ষের ফজলে রাব্বী, এস এম আলাউদ্দীন, নুরুজ্জামান, মীর হোসেন, জিয়াউর রহমান, কাউছার ফেরদৌস ফুয়াদ, নাজমুল হক, জিয়াদ ইমন, আব্দুল হান্নান, এনামুল হক, সৌমেন দাশ প্রমুখ।
গত বছরের ১৪ ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তাপস সরকার খুন হন।
এদিকে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকলেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালনের সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের বিষয়টি তাঁর জানা নেই।