বরগুনার বামনায় মাদ্রাসাছাত্রী জেনি আক্তারকে ধর্ষণ এবং তার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বখাটে হায়দার মৃধা ওরফে তাপুকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার বরগুনার বামনা উপজেলা সদরে মানববন্ধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।একই দাবিতে আজ মঙ্গলবার বরগুনা শহরে মানববন্ধন করবে জেলা মহিলা পরিষদসহ কয়েকটি সংগঠন। মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম জানিয়েছেন, সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।বামনা উপজেলা শহরের প্রধান সড়কে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে যোগ দেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক-সামাজিক সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরা। বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও সংস্থা যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তজা আহসান, বামনা প্রেসক্লাবের সভাপতি ওবায়দুল কবির, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি আনোয়ার হোসেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খাদিজা বেগম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন, জেনির বাবা মোতালেব হাওলাদার, মা হাসিনা খানম ও জেনির সহপাঠী ঝুমা আক্তার প্রমুখ।জেনির বাবা মোতালেব হাওলাদার বলেন, বখাটে তাপু জেনিকে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে রাখে। প্রভাবশালী মহল ক্ষমতা ও বিপুল অর্থ দিয়ে এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।