অতিরিক্ত তাপের কারণে গাছের কাণ্ড পুড়ে যাচ্ছে। ফলে শিকড় মাটি থেকে পানি আহরণ করে কাণ্ডের মাধ্যমে পাতায় পৌঁছে দিতে পারছে না। এতে গাছগুলো মরে যাচ্ছে। এ ছাড়া তীব্র দাবদাহের কারণে পাটগাছ, মাষকলাইসহ বিভিন্ন গাছ মরে যাচ্ছে। জ্বলে যাচ্ছে কাউন।
জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামের চরাঞ্চলসহ সর্বত্রই আবাদে ক্ষতিকর প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দু-এক দিনের মধ্যে বৃষ্টি না হলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করছে কৃষি বিভাগ।
গত শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঘণ্টাপ্রতি তাপমাত্রা পরিমাপ করে ফসল নষ্ট হওয়ার কারণ অনুসন্ধান করে গাজীপুরের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন আবদুল করিমের নেতৃত্বে প্রতিনিধিদলটি কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের চর রসুলপুর ও প্রথম আলো চর ও ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের দুধকুমার নদের কয়েকটি চরে উদ্ভিদ ও মাটির ওপর পরীক্ষা-নিরীক্ষা চালায়।
বিশেষজ্ঞ দলে থাকা ব্যক্তিরা জানান, এই পরীক্ষায় তাঁরা মাটির উপরিভাগ (সারফেস), মাটির ১৫ সেন্টিমিটার গভীরে (শিকড় অঞ্চল) ও মাটির পাঁচ ফুট ওপর পর্যন্ত বাতাসের তাপমাত্রা পরীক্ষা করেন।
এতে দেখা যায়, সকাল সাড়ে নয়টায় মাটির উপরিভাগে সর্বোচ্চ তাপমাত্র ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস, শিকড় অঞ্চলে ৩০ ডিগ্রি ও বাতাসে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। দুপুর সাড়ে ১২টায় মাটির উপরিভাগে সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় ৫৯ ডিগ্রি, শিকড় অঞ্চলে সাড়ে চারটায় ৩৫ ডিগ্রি ও বাতাসে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা সাড়ে ছয়টায় মাটির উপরিভাগে ও বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। শিকড় অঞ্চলে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
বিশেষজ্ঞ আবদুল করিম বলেন, ধানের পরাগায়ণের সময় বাতাসের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে পরাগায়ণ-প্রক্রিয়া ব্যাহত হয়। তাতে ধানে চিটা বাড়তে থাকে। এ ছাড়া ইতিমধ্যে যেসব গাছে পরাগায়ণ হয়েছে তাতে ধানের আকার ছোট হয়ে যায়। পাশাপাশি রোদের প্রখরতা ও বালু মাটির তাপমাত্রা বৃদ্ধির কারণে কাণ্ড পুড়ে যাচ্ছে।
তিনি পরিসংখ্যান দেখিয়ে বলেন, গত শুক্রবার জেলায় বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ৩৯ ডিগ্রি সেলসিয়াস। গত বছর এই সময়ে ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত বছর এপ্রিল মাসে জেলায় বৃষ্টি হয়েছিল ৭২ মিলিমিটার। সেই তুলনায় এখন পর্যন্ত এপ্রিলে বৃষ্টিপাত হয়েছে মাত্র ১০.৩৬ মিলিমিটার। অর্থাৎ গত বছরের তুলনায় এবার উষ্ণতা বেড়েছে। এতে প্রকৃতি ও ফসলের ওপর মারাত্মক প্রভাব পড়েছে।
চিলমারী উপজেলার জোড়গাছ গ্রামের আহাম্মেদ হোসেন, মনসুর আলী এবং নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের নতুন চর এলাকার কৃষক হাফিজ মিয়া, জিয়াউর রহমানসহ অনেকের পাটগাছ মরে গেছে। অনেকের কাউন জ্বলে যাচ্ছে।
জোড়গাছ গ্রামের কৃষক আবদুল বারী বলেন, ‘তিনবার জমিতে পানি দিয়েও পাট রক্ষা করতে পারছি না। এ ছাড়া গরমের কারণে ধানে চিটা হচ্ছে। এক সপ্তাহ আগে ধান কেটেছি। তাতে ১৫ ভাগই চিটা হয়েছে। ১৫ দিন পর ধান কাটলে ২৫-৩০ ভাগ চিটা হবে।’
কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রতাপ কুমার মণ্ডল বলেন, এভাবে উষ্ণতা বাড়তে থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হবে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য গবেষণার মাধ্যমে উষ্ণতা ও শুষ্কতা-সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন ও টেকসই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।