তাবলীগ জামাতের নেতা ওয়াসিফুলের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি, অবৈধভাবে চাঁদা আদায় ও রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগে তাবলীগের কেন্দ্রীয় নেতা ওয়াসিফুল ইসলামের অপসারণ দাবি করেছেন রাজশাহী তাবলীগের একাংশের কর্মীরা। গতকাল রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি করেন৷
সংবাদ সম্মেলনে গত শুক্রবার রাজশাহীর মারকাজ মসজিদে তাবলীগ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করা হয়। লিখিত বক্তব্যে তাবলীগের সদস্য বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বলেন, সম্প্রতি তাবলীগের বাংলাদেশের সমন্বয়ক ও কার্যপরিষদ সদস্য ওয়াসিফুল ইসলাম ও তাঁর অনুসারীরা তাবলীগের নামে চাঁদা তুলছেন এবং রাজনীতিতে অংশ নিচ্ছেন, যা তাবলীগের নিয়মের পরিপন্থী। আর এতে সহায়তা করছেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা যুবায়ের।
তাবলীগের কিছু কর্মী শুক্রবার রাজশাহীর মারকাজ মসজিদে তাঁদের অপকর্মের কথা উল্লেখ করে ‘মুরব্বিদের জীবন থেকে’ নামে একটি পুস্তিকা বিলি করেন৷ এতে ক্ষিপ্ত হয়ে ওয়াসিফুলের অনুসারীরা তাঁদের ওপর হামলা চালায়। এর আগে ওয়াসিফুলের তাবলীগ পরিপন্থী কাজের সমালোচনা করে লেখা বই বিলি করার সময় টঙ্গীর ময়দানে, কাকরাইল মসজিদে ও রংপুরে সাধারণ তাবলীগ কর্মীদের মারধর করা হয়েছে। তাঁদের তাবলীগ থেকে বহিষ্কারও করা হয়েছে।