
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মাহী বি. চৌধুরী আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হকের ইশতেহারকে অবাস্তবায়নযোগ্য বলেছেন। আর বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালকে ‘নাবালক’ ছেলে বলে মন্তব্য করেন তিনি।
রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে গতকাল রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহী এসব মন্তব্য করেন। প্রবাসী ফোরাম নামে একটি সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহী বি. চৌধুরী বলেন, ‘আমি আনিসুল হকের ইশতেহারকে অন্তঃসারশূন্য বলেছিলাম, তিনি এর জবাব দেননি। তাঁর ইশতেহারের ৮০ শতাংশই মেয়রের আওতাবহির্ভূত। সিটি করপোরেশনকে সঠিক রাস্তায় আনার জন্য তিনি আইন সংশোধন করার কথা বলেছেন। উনি কি আইনসভার সদস্য? উনি প্রস্তাব করতে পারেন। আনিসুল হক সাহেবের এই বেসিক জ্ঞানটুকুও কি নাই।’
সংবাদ সম্মেলনে মাহী বলেন, ‘গত দু-তিন দিন ধরে আনিসুল হক বলে বেড়াচ্ছেন, ‘‘আমি প্রধানমন্ত্রীর দোয়া নিয়ে এসেছি।’’ এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’ মাহী দাবি করেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে ব্যবহার করে তিনি এভাবে প্রচার চালাতে পারেন না।
মাহী আরও বলেন, ‘তিনি (আনিসুল) যুবলীগের অনুষ্ঠানে বলেছেন, “প্রধানমন্ত্রী আমাকে ফুঁ দিয়ে দিয়েছেন”। এতে উনি মনে করলেন তিনি নেতা হয়ে গেছেন। এভাবে নেতা হওয়া যায় না। তাঁর মনোনয়ন নিশ্চিত হওয়ার চার দিন আগেও তিনি আমাকে বলেছেন, তিনি নির্বাচন করতে চান না।’
ঢাকা উত্তরে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল সম্পর্কে তিনি বলেন, ‘তাবিথ আউয়াল “নাবালক” ছেলে, তাঁর সম্পর্কে বলার কিছু নাই।’
এরপর বিকেলে মাহী তেজগাঁও, কলোনিবাজার, ট্রাকস্ট্যান্ড, কারওয়ান বাজার, মগবাজার রেলক্রসিং ও মধুবাগে গণসংযোগ করেন।
মাহীর বাসায় আনিসুল হক: রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় আনিসুল হক সস্ত্রীক মাহী বি. চৌধুরীর বাসভবন মায়া-বি-তে যান। এ সময় নির্বাচনী প্রচারণায় মাহী বাইরে ছিলেন। তাঁরা মাহীর স্ত্রী আসফাহ্ হক লোপার সঙ্গে দেখা করেন।
মাহীর ওপর হামলা: মাহী বি চৌধুরী তাঁর ওপর হামলার অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, শনিবার রাত দুইটার দিকে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে একটি অনুষ্ঠানে যোগদান শেষে গাড়িযোগে বারিধারার বাসায় ফিরছিলেন তিনি। গাড়িতে তাঁর স্ত্রী আশফাহ হক লোপাও ছিলেন। বিজি প্রেসের সামনে সিটি ফিলিং স্টেশন থেকে গাড়িতে তেল নেওয়া হয়। তেল নিয়ে গাড়িটি কিছুদূর এগিয়ে গেলে ৮-১০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে গাড়ির ওপর হামলা চালায়। ঘটনা কারা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত নন।