তাবিথের বিরুদ্ধে পোস্টার, ভোটারদের কাছে অপপ্রচারের বিচার দাবি
নির্বাচনের আগ মুহূর্তে তাঁর বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্রমূলক অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। গতকাল সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করে তিনি ঢাকাবাসীর কাছে এর বিচার চেয়েছেন। বিএনপি-সমর্থিত এ মেয়র পদপ্রার্থী ‘বাস’ প্রতীকে নির্বাচন করছেন।
তেজগাঁও লিংক রোডে অবস্থিত তাবিথ আউয়ালের নির্বাচনী কার্যালয় থেকে জানানো হয়, ঢাকা উত্তরের বিভিন্ন এলাকার দেয়ালে আজই (সোমবার) তাবিথের নামে কয়েকরঙা একাধিক বেনামি পোস্টার লাগানো হয়েছে। তার একটিতে রয়েছে ‘এটা কি ভোটের লিফলেট, নাকি মৃত্যু পরোয়ানা?’। আরেকটিতে ‘মানুষ পোড়ানো শেষ, এবার ভোট চাওয়া শুরু’ পোস্টার দেখা যায়। এসব পোস্টারের এক পাশে পোড়া মানুষের মুখ, আরেক পাশে তাবিথ আউয়ালের ছবি দেওয়া হয়।
তাবিথ আউয়াল প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতি জনগণের আগ্রহ দেখে নির্বাচনে আগ মুহূর্তে একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে নিম্নরুচির অপপ্রচারে নেমেছে। আমি কী এবং কেমন—আশা করি ভোটাররা ইতিমধ্যেই ধারণা পেয়েছেন। তাই এই অপপ্রচারের প্রতিবাদ না করে আমি ভোটাদের কাছে এর বিচার দিচ্ছি।’
তাবিথ আউয়ালের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিনের বরাতে গতকাল বিভিন্ন মোবাইলে ‘মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের বিরুদ্ধে ভোট ক্রয়ের অভিযোগ ও গ্রেপ্তার’ বিষয়ে খুদে বার্তা পাঠানো হয়। খুদে বার্তায় উল্লেখ করা জনৈকা শারফিন আক্তারসহ তার সহযোগীরা তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারকর্মী, আত্মীয়স্বজন বা পোলিং এজেন্ট না। শেষ মুহূর্তে তাবিথকে পরাজিত করতে এ মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে।