তাবেলা হত্যা মামলায় দুজনের সাক্ষ্য
ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় গতকাল সোমবার সিসি টিভির সিস্টেম অপারেটর মো. ফয়সাল ও তৌফিকুর রহমান নামের এক ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষ দুই সাক্ষীকে জেরা করে।
ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দুই সাক্ষীর সাক্ষ্য-জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২০ জুন দিন ধার্য করেছেন।
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে দুর্বৃত্তদের গুলিতে সিজার তাবেলা নিহত হন। এ ঘটনায় করা হত্যা মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ২২ জুন বিএনপির নেতা এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী।
এ মামলার অন্য আসামিরা হলেন কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল, ভাঙ্গারি সোহেল ও শাখাওয়াত হোসেন। এঁদের মধ্যে কাইয়ুম ও সোহেল পলাতক। বাকি পাঁচ আসামি কারাগারে আছেন।