তাবেলা হত্যাকাণ্ড আইএসের কাজ নয়, প্রাথমিকভাবে ইতালিও একমত

ইতালিয়ান নাগরিক তাবেলা সিজারের (৫০) হত্যাকাণ্ড আইএসের কাজ নয় বলে বাংলাদেশের সঙ্গে প্রাথমিকভাবে ইতালির দূতাবাসও একমত হয়েছে।
আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতে আসেন ইতালিয়ার রাষ্ট্রদূত মারিয়ো পালমা। বৈঠক শেষে রাষ্ট্রদূত চলে যাওয়ার পর মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
গত সোমবার ইতালির নাগরিক তাবেলা সিজারকে হত্যার পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করে। বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করে যুক্তরাষ্ট্রভিত্তিক এমন ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ গত সোমবার এ তথ্য জানায়। আইএসের দাবির বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনেও উল্লেখ করা হয়।
আজকের বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে রাষ্ট্রদূতকে আশ্বাস দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তারাও (ইতালির দূতাবাস) একমত যে এটা আইএসের কাজ নয়।
এ ঘটনার কোনো সূত্র খুঁজে পাওয়া গেছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ঘটনার মাত্র দুই একদিন হলো। এখনই সঠিক ভাবে বলা সম্ভব নয়। তবে আশা করছেন শিগগিরই একটা জায়গায় যেতে পারবেন।
আসাদুজ্জামান বলেন, এই ঘটনার পরপর দ্রুত অ্যাকশনে (ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু) যাওয়ার জন্য ইতালিয়ান দূত প্রশংসা করেছেন। ওনারা কিছু সন্দেহের কথা বলেছেন। আমাদের কিছু সন্দেহ আছে। তিনি কিছু সন্দেহের সঙ্গে একমত হয়েছেন। এ নিয়ে নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী কাজ করছে।
কী ধরনের সন্দেহের কথা বলেছেন—জানতে চাইলে বলেন, যেহেতু তাবেলা সিজার এনজিও কর্মকর্তা ছিলেন, এ জন্য কারও সঙ্গে বিরোধ থাকতে পারে কিংবা অন্য কারণও থাকতে পারে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত অনুযায়ী দেশটির ক্রিকেট দলের বাংলাদেশে না আসার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওনারা অমূলক সন্দেহ নিয়ে চলে গেছেন।