তাবেলার মরদেহ হস্তান্তর

ইতালীয় নাগরিক সিজার তাবেলার মরদেহ দেশটির দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘর থেকে তাবেলার মরদেহ গ্রহণ করেন ইতালি দূতাবাসের দুই কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোহাম্মদ কাজী আবু শামা, পুলিশের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) এস এম শিবলী নোমান প্রমুখ।
শিবলী নোমান বলেন, ইতালি দূতাবাসের কর্মকর্তারা তাবেলার মরদেহ নিয়ে গেছেন। মরদেহ ইতালিতে নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাবেলার মরদেহ আজই ইতালিতে নিয়ে যাওয়া হবে।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে তাবেলাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। ১৬ দিনেও তাঁর হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি ডিবি।
তাবেলা নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আইসিসিও কো-অপারেশন প্রুফসের (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। গত ১৫ মে গুলশানে প্রুফসের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে যোগ দেন তিনি। দেশের সাতটি জেলায় প্রুফসের কার্যক্রম রয়েছে। তিনি রংপুর ও বরিশাল অঞ্চলের দায়িত্বে ছিলেন। এর আগে তাবেলা ইতালির অক্সফামে কর্মরত ছিলেন।